আসন্ন পবিত্র ঈদুল আজহার সরকারি ছুটিকে সামনে রেখে মেট্রোরেলের বিশেষ চলাচল সূচি প্রকাশ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। নতুন সূচি অনুযায়ী, ছুটির দিনগুলোতে উত্তরা উত্তর থেকে মতিঝিল এবং মতিঝিল থেকে উত্তরা উত্তর রুটে নির্ধারিত সময়সূচি অনুসারে ট্রেন চলাচল করবে। তবে ঈদের দিন মেট্রোরেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (২১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমটিসিএল।
প্রকাশিত সূচি অনুযায়ী, উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলগামী প্রথম ট্রেন সকাল ৬টা ৩০ মিনিটে ছেড়ে যাবে এবং শেষ ট্রেন ছাড়বে রাত ৯টায়। অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী প্রথম ট্রেন চলবে সকাল ৭টা ১৫ মিনিটে এবং শেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে।
ডিএমটিসিএল জানিয়েছে, ঈদের ছুটিতে যাত্রীচাপ বিবেচনায় সময়ভেদে ২০ মিনিট, ১৫ মিনিট ও সাড়ে ১২ মিনিট বিরতিতে ট্রেন চলাচল করবে। বিশেষ করে দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত পর্যায়ক্রমে ১৫ মিনিট পরপর ট্রেন পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ সময় প্রতিদিন প্রায় ১৪০টি ট্রেনসেট ব্যবহার করে ৭টি লাইনে যাত্রী পরিবহন সেবা চালু রাখা হবে।
টিকিট বিক্রির ক্ষেত্রেও বিশেষ নির্দেশনা দিয়েছে সংস্থাটি। সকাল ৬টা ৪০ মিনিট থেকে রাত ৯টা ৫ মিনিট পর্যন্ত স্টেশনগুলোতে সিঙ্গেল জার্নি টিকিট বিক্রি করা হবে। একই সময়ে এমআরটি পাস ও র্যাপিড পাসে টপআপ সুবিধাও চালু থাকবে। এছাড়া মতিঝিল স্টেশনের শেষ ট্রেন ছাড়ার ১৫ মিনিট আগ পর্যন্ত সিঙ্গেল জার্নি টিকিট সংগ্রহ করা যাবে।
এদিকে রাত ৯টা ২০ মিনিটের পর সব স্টেশনের টিকিট বিক্রয় কেন্দ্র ও টিকিট ভেন্ডিং মেশিন বন্ধ করে দেওয়া হবে। তবে যেসব যাত্রীর কাছে আগে থেকেই এমআরটি বা র্যাপিড পাস রয়েছে, তারা নির্ধারিত সময়সূচি অনুযায়ী পাস ব্যবহার করে প্ল্যাটফর্মে প্রবেশ ও যাতায়াত করতে পারবেন।