প্রেমিকার বাড়িতে প্রেমিকের অনশন, কুড়িগ্রামে চাঞ্চল্য

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০১ জুলাই ২০২৬ ০৪:২৭ অপরাহ্ণ   |   ৬১ বার পঠিত
প্রেমিকার বাড়িতে প্রেমিকের অনশন, কুড়িগ্রামে চাঞ্চল্য

মোঃ ওসমান গনি, রাজিবপুর উপজেলা, কুড়িগ্রাম:



কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার জাউনিয়ারচর কড়াইডাঙ্গীপাড়া গ্রামে প্রেমিকার বাড়িতে এক যুবকের অনশনকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট যুবক ও তরুণীর মধ্যে প্রায় তিন থেকে চার বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল বলে এলাকাবাসীর মধ্যে আলোচনা রয়েছে। সম্প্রতি যুবকটি তরুণীর বাড়িতে গিয়ে অবস্থান নেন এবং তাদের বিয়ে দেওয়ার দাবিতে অনশন শুরু করেন।
 

প্রত্যক্ষদর্শীরা জানান, যুবকের দাবি—দীর্ঘদিনের সম্পর্কের পরিণতি হিসেবে উভয় পরিবারের সম্মতিতে দ্রুত তাদের বিয়ের ব্যবস্থা করা হোক। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বাসিন্দারা ঘটনাস্থলে জড়ো হন এবং উভয় পরিবারের সঙ্গে কথা বলে বিরোধ মীমাংসার চেষ্টা করেন।
 

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়ভাবে বিষয়টির সমাধানে উদ্যোগ নেওয়া হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
 

এ বিষয়ে সংশ্লিষ্ট দুই পরিবারের আনুষ্ঠানিক বক্তব্য এবং প্রশাসনের প্রতিক্রিয়া পাওয়া গেলে পরবর্তী সময়ে বিস্তারিত তথ্য জানানো হবে।