জনস্বাস্থ্য গবেষণা ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় নতুন সমঝোতা স্মারক স্বাক্ষর

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৫ মে ২০২৬ ০৩:৪৩ অপরাহ্ণ   |   ৪৯ বার পঠিত
জনস্বাস্থ্য গবেষণা ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় নতুন সমঝোতা স্মারক স্বাক্ষর

বাংলাদেশে জনস্বাস্থ্য গবেষণা ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা খাতে নতুন দিগন্ত উন্মোচন হয়েছে। সোমবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য ও তথ্যবিজ্ঞান বিভাগ এবং ফেইথ বাংলাদেশ-এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন জনস্বাস্থ্য ও তথ্যবিজ্ঞান বিভাগের বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক মো. আতিকুল হক ও ড. ফারজানা ইসলাম এবং ফেইথ বাংলাদেশের নির্বাহী পরিচালক নিলুফার আহমেদ করিম ও নির্বাহী সদস্য ড. মো. জহিরুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সদস্য বেগম নিলুফারসহ অন্যান্য অতিথিরা।

চুক্তি স্বাক্ষরের পর অতিথিরা ফেইথ বাংলাদেশের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এর মধ্যে ছিল ব্রাইটার লাইফ স্কুল, ডেন্টাল ইউনিট এবং থেরাপি ইউনিট। পরিদর্শনকালে তারা সংস্থাটির কমিউনিটি ভিত্তিক সেবা ও উদ্ভাবনী কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা নেন।

ব্রাইটার লাইফ স্কুলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অংশগ্রহণমূলক পরিবেশে গান, ছড়া ও বিভিন্ন সৃজনশীল কার্যক্রম উপস্থাপন করা হয়। শিশুরা নিজেদের হাতে তৈরি উপহার অতিথিদের প্রদান করে, যা উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলে। শিক্ষাপ্রতিষ্ঠানটির একাডেমিক শিক্ষার পাশাপাশি কারিগরি ও জীবনমুখী দক্ষতা উন্নয়নের উদ্যোগও প্রশংসা অর্জন করে।

অধ্যাপক আতিকুল হক ও ড. ফারজানা ইসলাম এই সমন্বিত শিক্ষা পদ্ধতিকে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও সামাজিক ক্ষমতায়নের একটি কার্যকর মডেল হিসেবে উল্লেখ করেন।

নতুন এই সমঝোতা স্মারকের মাধ্যমে যৌথ গবেষণা, দক্ষতা উন্নয়ন এবং প্রমাণভিত্তিক জনস্বাস্থ্য উদ্ভাবনের সুযোগ আরও বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে। এর ফলে দেশের স্বাস্থ্যসেবা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।