তীব্র গরম ও প্রখর রোদে ত্বক পুড়ে কালচে হয়ে যাওয়া এখন খুবই সাধারণ সমস্যা। এ সময় অনেকেই ত্বকের যত্নে ফেস মিস্ট, টোনার ও সানস্ক্রিন ব্যবহার করেন। পাশাপাশি ঘরোয়া উপাদান হিসেবে জনপ্রিয় দুটি উপকরণ হলো শসা ও গোলাপ জল। তবে রোদে পোড়া ত্বকের জন্য কোনটি বেশি কার্যকর—তা নিয়ে রয়েছে নানা আলোচনা।
বিশেষজ্ঞদের মতে, গোলাপ জল ও শসা—দুটিই ত্বকের জন্য উপকারী হলেও কাজের ধরনে রয়েছে কিছু পার্থক্য।
গোলাপ জল প্রাকৃতিক টোনার হিসেবে বেশ পরিচিত। এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এবং ত্বকের পিএইচ ভারসাম্য বজায় রাখে। নিয়মিত ব্যবহার করলে ত্বক অতিরিক্ত তৈলাক্ত বা শুষ্ক হয়ে পড়ে না। এছাড়া গোলাপ জলে থাকা উপাদান ত্বকের প্রদাহ কমাতে সহায়তা করে এবং ত্বককে সতেজ রাখে।
গরমের দিনে শসার রস ত্বকে তাৎক্ষণিক শীতলতা এনে দেয়। এতে থাকা কুলিং এজেন্ট ত্বকের জ্বালা-পোড়া ও চুলকানি কমাতে সাহায্য করে। একই সঙ্গে ত্বকের আর্দ্রতা বজায় রাখে এবং ত্বককে সতেজ অনুভব করায়। শসায় থাকা অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান ত্বকের প্রদাহ কমাতেও কার্যকর। সংবেদনশীল ও শুষ্ক ত্বকেও এটি নিরাপদে ব্যবহার করা যায়।
বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, রোদে ত্বক পুড়ে গেলে তাৎক্ষণিক আরামের জন্য শসার রস বেশি কার্যকর। বাইরে থেকে এসে ত্বকে শসার রস লাগালে জ্বালা-পোড়া ও অস্বস্তি দ্রুত কমে যায়।
অন্যদিকে, দৈনন্দিন ত্বকের যত্নে গোলাপ জল ব্যবহার করলে ত্বক পরিষ্কার, সতেজ ও সুস্থ থাকে। তাই তাৎক্ষণিক শীতলতার জন্য শসা এবং নিয়মিত রূপচর্চায় গোলাপ জল—দুটিই ত্বকের যত্নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।