সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তি বিচার বিভাগের স্বাধীনতার পরিপন্থী

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২১ মে ২০২৬ ০৬:৪৪ অপরাহ্ণ   |   ৫১ বার পঠিত
সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তি বিচার বিভাগের স্বাধীনতার পরিপন্থী

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে সেটিকে আইন মন্ত্রণালয়ের অধীনে নেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, এর মাধ্যমে স্বাধীন বিচার বিভাগের দীর্ঘদিনের দাবিকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে।

 

বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের কর্মপরিষদ সদস্য ও আইনজীবী শিশির মনির এ বক্তব্য দেন।

 

তিনি বলেন, স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা ছিল বিএনপিসহ ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর অন্যতম প্রধান দাবি। কিন্তু সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করার সিদ্ধান্ত সেই প্রত্যাশাকে নষ্ট করেছে। তার ভাষ্য অনুযায়ী, জুলাই সনদে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি থাকলেও বর্তমান পদক্ষেপ সেই অঙ্গীকারের সঙ্গে সাংঘর্ষিক।

 

শিশির মনির আরও অভিযোগ করেন, বিচারক ও বিচারিক কার্যক্রমকে প্রভাবাধীন রাখার উদ্দেশ্য থেকেই সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে তাদের ধারণা।

 

সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদও বক্তব্য দেন। তিনি বলেন, বিচার বিভাগকে নিয়ন্ত্রণে নেওয়ার যে প্রবণতা অতীতে দেখা গেছে, বর্তমান সরকারও একই পথে হাঁটছে। তার মতে, এটি বিচার বিভাগের স্বাধীনতার জন্য উদ্বেগজনক ইঙ্গিত।