নিউইয়র্কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: মুরাদনগরের বাবা-ছেলেসহ ৪ জন নিহত, হাসপাতালে লড়ছেন কন্যা ও শিশু

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৮ এপ্রিল ২০২৬ ০৪:৫৯ অপরাহ্ণ   |   ৫৭ বার পঠিত
নিউইয়র্কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: মুরাদনগরের বাবা-ছেলেসহ ৪ জন নিহত, হাসপাতালে লড়ছেন কন্যা ও শিশু

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

 


যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কুমিল্লার মুরাদনগরের একই পরিবারের বাবা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। প্রবাস জীবনে নতুন করে স্বপ্ন গড়ার আশায় থাকা পরিবারটির এই মর্মান্তিক পরিণতিতে দেশে-বিদেশে নেমে এসেছে শোকের ছায়া।

 

মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় আলবেনি এলাকার ক্লেভেরা অঞ্চলে স্টেট রুট 9H সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয় কলম্বিয়া কাউন্টি শেরিফ অফিস সূত্রে জানা যায়, নিয়ন্ত্রণ হারানো একটি Toyota Prius বিপরীত দিক থেকে আসা Toyota Crown-কে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাণহানির ঘটনা ঘটে।

 

নিহতদের মধ্যে রয়েছেন মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পীর কাশিমপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ হেরামন (৬০) ও তার ছেলে মোহাম্মদ নাজমুল রুবেল (২৯)। তারা দীর্ঘদিন ধরে ব্রঙ্কস এলাকায় বসবাস করছিলেন।

 

দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন হেরামনের মেয়ে ফাতিমা আক্তার ও তার এক বছর বয়সী শিশু সন্তান। তারা বর্তমানে হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, তারা বাফেলো-তে ব্যবসায়িক কাজে যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হন। স্থানীয় বায়তুল আমান ইসলামিক সেন্টার-এর সঙ্গে নিহতদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। কমিউনিটির পরিচিত ও প্রিয় মুখ হিসেবে তারা সবার কাছে সমাদৃত ছিলেন।

 

কমিউনিটির ব্যক্তি শেখ আবুল হোসাইন বলেন, “ওরা আমার বাসাতেই থাকতো। এত প্রাণবন্ত মানুষগুলো এভাবে চলে যাবে—এটা মেনে নেওয়া খুবই কষ্টের।” এ ঘটনায় পুরো ব্রঙ্কস এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

এদিকে দুর্ঘটনার খবর দেশে পৌঁছালে পীর কাশিমপুর গ্রামে নেমে আসে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। একসঙ্গে বাবা ও ভাইকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা।

 

জানা গেছে, বুধবার নিউইয়র্কের স্থানীয় বায়তুল আমান ইসলামিক সেন্টারে নিহতদের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

প্রবাস জীবনের এই হৃদয়বিদারক ঘটনা আবারও মনে করিয়ে দিল—জীবন কতটা অনিশ্চিত, আর এক মুহূর্তেই কিভাবে সবকিছু বদলে যেতে পারে।