ইফতারে মুচমুচে চিকেন স্প্রিং রোল, সহজ রেসিপি জানুন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১১ মার্চ ২০২৬ ০৩:৩৮ অপরাহ্ণ   |   ৭০ বার পঠিত
ইফতারে মুচমুচে চিকেন স্প্রিং রোল, সহজ রেসিপি জানুন

অনলাইন ডেস্ক

 

 

ইফতারের টেবিলে মুখরোচক ও মুচমুচে খাবার রাখতে অনেকেই পছন্দ করেন ভিন্ন স্বাদের পদ। তেমনই জনপ্রিয় একটি আইটেম হলো চিকেন স্প্রিং রোল। সহজ উপকরণে ঘরেই তৈরি করা যায় এই সুস্বাদু খাবার, যা ইফতারের স্বাদ আরও বাড়িয়ে দিতে পারে।
 

উপকরণ

৫০০ গ্রাম হাড়বিহীন মুরগি, ৩ গ্লাস পানি, ৩ টেবিল চামচ ভিনেগার, ৩ টেবিল চামচ মাখন, দেড় চা চামচ আদা-রসুন বাটা, ৪টি কাঁচা মরিচ কুঁচি, ১টি মাঝারি পেঁয়াজ কুঁচি, ২ টেবিল চামচ ময়দা, ১ চা চামচ কালো মরিচ গুঁড়ো, ১ চা চামচ লাল মরিচ গুঁড়ো, ১টি চিকেন কিউব, আড়াই কাপ বাঁধাকপি কুঁচি, ২টি মাঝারি ক্যাপসিকাম কাটা, ২ কাপ গাজর কুচি, ১ টেবিল চামচ সয়া সস।
 

অন্যান্য উপকরণ: ১টি ডিম, স্প্রিং রোল শিট এবং ভাজার জন্য পরিমাণমতো তেল।
 

প্রস্তুত প্রণালি

প্রথমে একটি প্যানে মুরগি, পানি ও ভিনেগার দিয়ে মুরগি নরম হওয়া পর্যন্ত সেদ্ধ করুন। এরপর মুরগি তুলে কুঁচি করে নিন এবং সেদ্ধ করা স্টক আলাদা করে রাখুন।
 

অন্য একটি প্যানে মাখন গলিয়ে আদা-রসুন বাটা দিয়ে এক মিনিট ভাজুন। এরপর কাঁচা মরিচ ও পেঁয়াজ দিয়ে পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত ভাজতে থাকুন। তারপর ময়দা দিয়ে এক মিনিট নাড়ুন।
 

এরপর কালো মরিচ গুঁড়ো, লবণ, লাল মরিচ গুঁড়ো, চিকেন কিউব এবং আগে রাখা স্টক যোগ করে ভালোভাবে মিশিয়ে নিন। মিশ্রণটি ঘন হয়ে আসা পর্যন্ত রান্না করুন। পরে এতে বাঁধাকপি, ক্যাপসিকাম, গাজর ও সয়া সস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।
 

সব উপকরণ মিশে গেলে ফিলিংটি একটি প্লেটে ঢেলে ঠান্ডা হতে দিন। এদিকে একটি ডিম ফেটিয়ে রাখুন। এরপর স্প্রিং রোল শিটে ফিলিং দিয়ে রোল তৈরি করুন। ডিমে চুবিয়ে গরম তেলে সোনালি হওয়া পর্যন্ত ভেজে নিন।
 

সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন মুচমুচে চিকেন স্প্রিং রোল।