নিজস্ব প্রতিবেদক | ঢাকা প্রেস:
রাজধানীর খিলগাঁও থানার ৭৫ নম্বর ওয়ার্ডের দাসেরকান্দি–ইদারকান্দি এলাকায় চলমান সড়ক উন্নয়নকাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। রাস্তার মাঝখানে বালু ও অন্যান্য নির্মাণসামগ্রী ফেলে রাখায় চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
স্থানীয়দের দাবি, সরকারের উদ্যোগে সড়ক উন্নয়নকাজ শুরু হলেও অজ্ঞাত কারণে কাজ বন্ধ রয়েছে। এতে প্রতিদিনই সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে রাতের বেলায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় নারী, শিশু, বৃদ্ধ ও শিক্ষার্থীরা দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করছেন।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে উন্নয়নকাজ বন্ধ থাকায় জরুরি রোগী পরিবহন, স্কুল-কলেজগামী শিক্ষার্থী এবং কর্মজীবী মানুষের যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দ্রুত কাজ শেষ করে নিরাপদ চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে ঢাকা প্রেসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মানবাধিকার বাস্তবায়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির পরিচালক ও সবুজবাগ থানার সভাপতি সাথী আক্তার শান্তি বলেন, একজন মানবাধিকার কর্মী হিসেবে তিনি বিষয়টিকে অত্যন্ত উদ্বেগজনক বলে মনে করেন। জনগণের ভোগান্তি লাঘব এবং সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, গণমাধ্যম যেন সরেজমিনে বিষয়টি পরিদর্শন করে সংবাদ প্রকাশের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে। একই সঙ্গে ঢাকা প্রেসের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সড়ক উন্নয়নকাজ সম্পন্ন করার আহ্বান জানান তিনি।
স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, জনস্বার্থ বিবেচনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উন্নয়নকাজ পুনরায় শুরু করে নির্ধারিত সময়ের মধ্যে শেষ করবে এবং এলাকার মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করবে।