নতুন সরকারের প্রথম কর্মদিবসে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিনের কার্যক্রম শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (আজ) সকাল ১১টায় সাভারের **জাতীয় স্মৃতিসৌধ**ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদনকালে প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রিপরিষদের সদস্যরাও উপস্থিত ছিলেন। আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী **খালেদা জিয়া**র সমাধিতেও শ্রদ্ধা নিবেদন করবেন বলে জানা গেছে।
দিনের কর্মসূচি অনুযায়ী, বিকেল ৩টায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর বিকেল ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানিয়েছে, নির্ধারিত কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।