যুক্তরাষ্ট্রের মঞ্চে ‘অমানুষ’ নিয়ে তমালিকা কর্মকার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৮ সেপ্টেম্বর ২০২৬ ০১:৫৪ অপরাহ্ণ   |   ৩৯ বার পঠিত
যুক্তরাষ্ট্রের মঞ্চে ‘অমানুষ’ নিয়ে তমালিকা কর্মকার

বিনোদন ডেস্ক

 

নন্দিত অভিনেত্রী তমালিকা কর্মকার প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের মঞ্চে অভিনয় করতে যাচ্ছেন। বরেণ্য নাট্যকার ও নির্দেশক মামুনুর রশীদের রচনা ‘অমানুষ’ নাটকে অভিনয় করবেন তিনি।
 

আগামী ৪ অক্টোবর স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়ার জেফারসন স্ট্রিটের ‘সিটি অব আলেকজান্দ্রিয়া লি সেন্টার’-এ নাটকটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে। নাটকটির প্রযোজনা করছে সূচনা থিয়েটার।
 

‘অমানুষ’ নাটকটি প্রায় ৩১ বছর আগে সমাজের নানা অবক্ষয়কে কেন্দ্র করে রচনা করেছিলেন মামুনুর রশীদ। দীর্ঘ সময় পর যুক্তরাষ্ট্রের মঞ্চে নাটকটি মঞ্চস্থ হতে যাচ্ছে। এ আয়োজনে মামুনুর রশীদের উপস্থিতি ও সমর্থন তমালিকার জন্য বিশেষ অনুপ্রেরণার বলে জানিয়েছেন তিনি।
 

তামালিকা কর্মকার বলেন, যুক্তরাষ্ট্রের মঞ্চে ‘অমানুষ’ নিয়ে অভিনয়ের দায়িত্ব অনেক বেশি। যত অভিজ্ঞতাই থাকুক, মঞ্চে উঠলেই দর্শকের সামনে নতুন করে পরীক্ষায় অবতীর্ণ হতে হয়। তাঁর মতে, মঞ্চনাটক শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শ্রেণিসংগ্রামেরও একটি শক্তিশালী হাতিয়ার।
 

সরাসরি দর্শকের প্রতিক্রিয়া পাওয়ার অভিজ্ঞতাকে নিজের কাছে বিশেষ এক ধরনের নেশা হিসেবে উল্লেখ করে তমালিকা বলেন, মঞ্চে অভিনয়ের সুযোগ পেয়ে তিনি আনন্দিত ও কৃতজ্ঞ। যুক্তরাষ্ট্রে এই আয়োজনের সুযোগ করে দেওয়ায় নাট্যনির্দেশক জান্নাতুল টুম্পাসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
 

বাংলাদেশের টেলিভিশন, চলচ্চিত্র ও মঞ্চে দীর্ঘদিন ধরে অভিনয় করে দর্শকের প্রশংসা পেয়েছেন তমালিকা কর্মকার। বিটিভির ‘কোন কাননের ফুল’, ‘কোথাও কেউ নেই’ ও ‘সারাবেলা’সহ বিভিন্ন নাটকে তাঁর অভিনয় আলোচিত হয়েছে। ‘অন্য জীবন’ চলচ্চিত্রেও অভিনয় করে দর্শকের নজর কাড়েন তিনি।
 

পরবর্তীতে খ্যাতিমান অভিনেতা, নাট্যকার ও নির্দেশক মামুনুর রশীদের আহ্বানে তাঁর নাট্যদল ‘আরণ্যক’-এর সঙ্গে যুক্ত হন তমালিকা। ১৯৯২ সালে আরণ্যকের হয়ে প্রথম মঞ্চে অভিনয় করেন মামুনুর রশীদের রচিত ও আজিজুল হাকিম নির্দেশিত ‘পাথর’ নাটকে।
 

এরপর ‘ময়ূর সিংহাসন’, ‘জয় জয়ন্তী’, ‘রাঢ়াং’, ‘শত্রুগণ’, ‘উপরওয়ালা’, ‘বঙ্গভঙ্গ’, ‘দ্য জুবিলি হোটেল’, ‘ইবলিশ’, ‘হেলাখেলা’ ও ‘প্রাকৃতজন কথা’সহ আরণ্যকের বিভিন্ন নাটকে অভিনয় করেছেন তমালিকা কর্মকার।