ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর জন্মদিনে আবেগঘন শুভেচ্ছা জানিয়েছেন তাঁর স্বামী চিত্রনায়ক ওমর সানী। ভালোবাসা ও মুগ্ধতা প্রকাশ করে স্ত্রীকে ‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার’ হিসেবে আখ্যায়িত করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তাঁর এই শুভেচ্ছাবার্তা ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের নজর কেড়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) মৌসুমীর জন্মদিন উপলক্ষে ফেসবুকে স্ত্রীর একটি ছবি পোস্ট করেন ওমর সানী। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন প্রিয়দর্শিনী মৌসুমী। বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার শুধু তুমি...।’
স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশের পাশাপাশি বাংলা চলচ্চিত্রে মৌসুমীর বিশেষ অবস্থানের কথাও তুলে ধরেছেন এই অভিনেতা।
এর আগে জন্মদিন উপলক্ষে দেওয়া আরেকটি ফেসবুক পোস্টে মৌসুমীর সুস্থতা, সুন্দর জীবন ও সম্মানের জন্য দোয়া করেন ওমর সানী। সেখানে তিনি লেখেন, ‘৩ নভেম্বর প্রিয়দর্শিনী মৌসুমীর জন্মদিন আলহামদুলিল্লাহ। আমার দোয়া আল্লাহ তোমাকে সুস্থ রাখুন, ভালো রাখুন, সম্মানের সাথে রাখুন। আমার পরিবারের তাজ হয়ে থাকো।’

একই পোস্টে জন্মদিন উপলক্ষে বিশেষ আয়োজনের কথাও জানান তিনি। মৌসুমীর ফ্যান ক্লাবের উদ্যোগে আগামী ৪ নভেম্বর সাভারের হেমায়েতপুরে চাপওয়ালা শ্বশুরবাড়ি রেস্টুরেন্টে ফাইজা ও মৌসুমীর জন্মদিন উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে তবারক বিতরণ করা হবে। এ আয়োজন সফল করতে সবার কাছে দোয়া চেয়েছেন অভিনেতা।
১৯৭৩ সালের ৩ নভেম্বর খুলনায় জন্মগ্রহণ করেন আরিফা জামান মৌসুমী। নব্বইয়ের দশকে প্রয়াত নির্মাতা সোহানুর রহমান সোহানের ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। প্রথম সিনেমাতেই প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর বিপরীতে অভিনয় করে দর্শকের নজর কাড়েন তিনি।
এরপর একের পর এক জনপ্রিয় সিনেমায় অভিনয়ের মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে নিজের শক্ত অবস্থান তৈরি করেন মৌসুমী। তাঁর উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘দোলা’, ‘আত্মঅহংকার’, ‘স্নেহ’, ‘দেনমোহর’, ‘অন্তরে অন্তরে’, ‘মাতৃত্ব’, ‘দেবদাস’, ‘বিশ্বপ্রেমিক’, ‘আম্মাজান’, ‘লুটতরাজ’, ‘মেঘলা আকাশ’, ‘ইতিহাস’, ‘লাল দরিয়া’, ‘খায়রুন সুন্দরী’ ও ‘মোল্লাবাড়ির বউ’।
অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও কাজ করেছেন তিনি। তাঁর পরিচালিত সিনেমার মধ্যে রয়েছে ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ ও ‘মেহেরনিগার’।
১৯৯৬ সালের ২ আগস্ট চিত্রনায়ক ওমর সানীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মৌসুমী। দীর্ঘ দাম্পত্য জীবনে তাঁদের দুই সন্তান রয়েছে। অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও এই তারকা দম্পতির সম্পর্ক দর্শক ও ভক্তদের কাছে বরাবরই আলোচনার বিষয়।