মেসিকে পেছনে ফেলে বিশ্বকাপে নতুন রাজা কেইন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৮ জুন ২০২৬ ১২:১০ অপরাহ্ণ   |   ৩৬ বার পঠিত
মেসিকে পেছনে ফেলে বিশ্বকাপে নতুন রাজা কেইন

ইংল্যান্ডের জয়ে আবারও সামনে থেকে নেতৃত্ব দিলেন হ্যারি কেইন। ক্রোয়েশিয়ার বিপক্ষে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে জোড়া গোল করে দলকে ৪-২ ব্যবধানে জিতিয়েছেন ইংলিশ অধিনায়ক। ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তার হাতেই। তবে এই জয়ের রাতে শুধু দুটি গোলই নয়, একাধিক রেকর্ড ও কীর্তিও নিজের করে নিয়েছেন বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার।

 

ম্যাচের ১২ মিনিটে পেনাল্টি থেকে ইংল্যান্ডকে এগিয়ে দেন কেইন। প্রথম শটটি ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ ঠেকিয়ে দিলেও গোললাইন ছেড়ে আগেভাগে বেরিয়ে আসায় পুনরায় পেনাল্টির নির্দেশ দেন রেফারি। দ্বিতীয় সুযোগে আর ভুল করেননি কেইন।

 

এই গোলের মাধ্যমে বিশ্বকাপে (টাইব্রেকার বাদে) তার পেনাল্টি গোলের সংখ্যা দাঁড়ায় পাঁচে। ফলে চার গোল নিয়ে থাকা লিওনেল মেসিকে পেছনে ফেলে বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি থেকে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড এখন এককভাবে তার দখলে।

 

এতেই থেমে থাকেননি ২০১৮ বিশ্বকাপের গোল্ডেন বুটজয়ী এই ফরোয়ার্ড। ক্রোয়েশিয়া সমতায় ফেরার পর হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। তাতে জাতীয় দলের হয়ে তার গোলসংখ্যা পৌঁছে যায় ৮১-তে। একই সঙ্গে বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে ১০ গোল করে দেশটির কিংবদন্তি গ্যারি লিনেকারের সর্বোচ্চ গোলের রেকর্ডেও ভাগ বসিয়েছেন কেইন।

 

প্রথম গোলের সুবাদে আরেকটি মাইলফলকও স্পর্শ করেন তিনি। ডেভিড বেকহ্যামের পর মাত্র দ্বিতীয় ইংলিশ ফুটবলার হিসেবে তিনটি ভিন্ন বিশ্বকাপে গোল করার কীর্তি গড়েছেন ৩১ বছর বয়সি এই তারকা।

 

কেইনের দুর্দান্ত ফর্মের প্রমাণ মেলে আরেকটি পরিসংখ্যানে। বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার পর ক্লাব ও জাতীয় দলের হয়ে ১৭৮ ম্যাচে সরাসরি ২০০ গোলে অবদান রেখেছেন তিনি। এর মধ্যে ১৬৮টি গোলের পাশাপাশি রয়েছে ৩২টি অ্যাসিস্ট।