চট্টগ্রামের পটিয়ায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল পটিয়া উপজেলা শাখার উদ্যোগে শনিবার (১৫ আগস্ট) বাদ আছর পটিয়া শাহচান্দ আউলিয়া জামে মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা জাতীয়তাবাদী পেশাজীবী দলের আহ্বায়ক আরমান উদ্দিন গাজী দুলাল। সঞ্চালনা করেন উপজেলা শাখার সদস্যসচিব মো. সাইফুল ইসলাম রাসেল।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয়তাবাদী পেশাজীবী দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা জাতীয়তাবাদী পেশাজীবী দলের সহধর্ম বিষয়ক সম্পাদক মো. ইউনুস।
এ সময় পটিয়া উপজেলা পেশাজীবী দলের যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম, মো. জাহেদুল হক মেম্বার, মোহাম্মদ শাহাজান, মোহাম্মদ নিজাম, হাদগাঁও ইউনিয়ন পেশাজীবী দলের সভাপতি পদপ্রার্থী মো. দিদারুল আলমসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের জন্য তাঁর বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে মহান আল্লাহর কাছে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য দোয়া করা হয়।