পটিয়া সরকারি কলেজে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৯ সেপ্টেম্বর ২০২৬ ০১:২৫ অপরাহ্ণ   |   ৪৭ বার পঠিত
পটিয়া সরকারি কলেজে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম :



চট্টগ্রামের পটিয়া সরকারি কলেজে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার পাশাপাশি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম। কলেজের অধ্যক্ষ শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক নাঈম উদ্দিন, অধ্যাপক আবু দাউদ লুৎফুজ্জমান খানসহ অন্যরা।
 

প্রধান অতিথির বক্তব্যে এনামুল হক এনাম বলেন, অটোপাসের অধ্যায় শুরু করে দেশের শিক্ষা ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। বর্তমান সরকারের শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে বিভিন্ন পদক্ষেপ নিয়ে এগিয়ে যাচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন।
 

তিনি বলেন, তরুণ সমাজকে আলোর পথে রাখতে মাদকসহ সব ধরনের সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে। এ জন্য অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
 

এ সময় পটিয়া সরকারি কলেজের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন সংসদ সদস্য এনামুল হক এনাম। পাশাপাশি কলেজে সুপেয় পানির ব্যবস্থা করার উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।