চট্টগ্রামের পটিয়া উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নে ৫০০ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ এনামুল হক এনামের পক্ষ থেকে স্থানীয় বিএনপি নেতা আবদুল মোনাফের উদ্যোগে এবং প্রবাসী মানবাধিকারকর্মী আবদুল হাফেজের পৃষ্ঠপোষকতায় এ ত্রাণ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য মাহবুবুর রহমান, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ রশিদী বেলাল, সাবেক সভাপতি হাফেজ আহমদ, সাবেক সহসভাপতি আবদুস শুক্কুর, সাবেক সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন মেম্বার, হেলাল উদ্দিন, আবু তাহের মেম্বার, শফিক আহমদ, স্বেচ্ছাসেবক দলের নেতা মোজাম্মেল হক, যুবদল নেতা সালাহ উদ্দিন আহমেদ, মহিউদ্দিন, নাসির, মো. রাজিব, জসিম উদ্দিন, ছাত্রদল নেতা আজিজুর রহমান মানিক, মো. ফয়সালসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।
ত্রাণ বিতরণ শেষে বিএনপি নেতা আবদুল মোনাফ বলেন, বিএনপি সবসময় অসহায়, দরিদ্র ও দুর্যোগকবলিত মানুষের পাশে রয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে এবং সংসদ সদস্য আলহাজ এনামুল হক এনামের নির্দেশনায় বন্যাদুর্গত মানুষের সহায়তায় এ ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
তিনি বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসা উচিত। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।