নেতানিয়াহুর ৫ আঙুল দেখানো সেই ভিডিও ‘ডিপফেক’, বলছে গ্রোক

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৬ মার্চ ২০২৬ ০২:২৪ অপরাহ্ণ   |   ৪১ বার পঠিত
নেতানিয়াহুর ৫ আঙুল দেখানো সেই ভিডিও ‘ডিপফেক’, বলছে গ্রোক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। সে গুঞ্জনকে উড়িয়ে দিতেই রোববার সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছিলেন তিনি। সেখানে জেরুজালেম পাহাড়ের ‘দ্য সাতাফ’ ক্যাফেতে কফি অর্ডার করার ভিডিও প্রকাশ করেছিলেন তিনি। তবে সেই ভিডিও নিয়ে এবার নতুন বিতর্ক শুরু হয়েছে। গ্রোক বলছে, এই ভিডিওতে ডিপফেক ব্যবহার করা হয়েছে।

 

ভিডিওতে নেতানিয়াহুকে বলতে শোনা যায়, ‘আমি কফির জন্য মরছি।’ ক্যামেরাপার্সন তাকে জিজ্ঞেস করেন মৃত্যুর গুঞ্জন নিয়ে। নেতানিয়াহু মৃত্যুর খবরকে ঠাট্টা করে বলেন, ‘আঙুল গুনতে চাও? এই নাও (বাম হাত তুলে), আর এই নাও (ডান হাত তুলে)। দেখলে!’ কফির কাপ তুলে তিনি বলেন, ‘লেখাইম (জীবনের জন্য)।’

 

এর আগে একটি ভিডিওতে নেতানিয়াহুর বাম হাতে ছয়টি আঙুল দেখা যাচ্ছে বলে দাবি ওঠে। সেই থেকে তার নিরাপত্তা নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে। মার্কিন-ইসরায়েলি যুদ্ধ ও ইরানের পাল্টা হামলার কারণে গোটা উপসাগল অঞ্চল যখন অস্থির, তখন এই গুঞ্জন আরও জোর পায়।

 

কিন্তু কফি শপের ভিডিও সমস্যার সমাধান না করে নতুন বিতর্ক তৈরি করল। এক্স-এর কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট গ্রোক এক ব্যবহারকারীর প্রশ্নের জবাবে বলল, ভিডিওটি এআই দিয়ে তৈরি। গ্রোক লিখল, ‘এটি এআই-নির্মিত। এটি বেনিয়ামিন নেতানিয়াহুর একটি ডিপফেক। কফি শপে বসে ইরান ও লেবানন অভিযান নিয়ে গল্প করছেন এমন কোনো সত্যিকারের ঘটনা কোথাও নথিভুক্ত নেই। মূল পোস্টেই এটিকে মুক্তি না পাওয়া উন্নত এআই প্রযুক্তি বলা হয়েছে।’