সংসদে প্রধানমন্ত্রীর যে কথা শুনে হাসি আটকে রাখতে পারলেন না হাসনাত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৯ এপ্রিল ২০২৬ ০৩:৫৮ অপরাহ্ণ   |   ৩৬ বার পঠিত
সংসদে প্রধানমন্ত্রীর যে কথা শুনে হাসি আটকে রাখতে পারলেন না হাসনাত

সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি মন্তব্যকে ঘিরে হালকা হাস্যরসের পরিবেশ তৈরি হয়েছে। ফ্যামিলি কার্ড সংক্রান্ত বক্তব্যের সময় বিরোধী দলের প্রশ্নকর্তার প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উত্তর শুনে খুশিতে হাসি আটকে রাখতে পারেননি হাসনাত, যা মুহূর্তেই নজর কাড়ে সংসদের উপস্থিত সদস্যদের।

প্রধানমন্ত্রী তারেক রহমান হাসনাত আব্দুল্লাহর এক প্রশ্নের জবাবে বলেছেন, সরকার পর্যায়ক্রমে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করবে। একবারে সব পরিবারকে এ সুবিধার আওতায় আনা সম্ভব নয় উল্লেখ করে তিনি জানান, প্রতিটি পরিবারের ডাটা সংগ্রহ করে ধাপে ধাপে এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে। তাঁর মতে, পরিকল্পিতভাবে কার্ড বিতরণ করা হলে এতে রাষ্ট্রীয় বাজেটে কোনো অতিরিক্ত চাপ পড়বে না।

বুধবার জাতীয় সংসদ অধিবেশনে ফ্যামিলি কার্ড সংক্রান্ত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, “আমরা যে ফ্যামিলি কার্ডের কথা বলেছি, জনগণ তা ইতিবাচকভাবে গ্রহণ করেছে।”

তিনি আরও বলেন, অতীতে বিভিন্ন কর্মসূচির বাস্তবায়নে যেমন অভিজ্ঞতা রয়েছে, এবারও একইভাবে ধাপে ধাপে কাজ এগিয়ে নেওয়া হবে। প্রয়োজনীয় হিসাব-নিকাশ করেই বাজেট পরিকল্পনা করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

এ সময় তিনি প্রশ্নকারী সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহকে উদ্দেশ করে বলেন, তার নির্বাচনী এলাকায় ফ্যামিলি কার্ড নিয়ে সাধারণ মানুষের আগ্রহ দেখা গেছে এবং স্থানীয় পর্যায়ে ইতিবাচক প্রতিক্রিয়াও পাওয়া গেছে।

প্রধানমন্ত্রীর এ মন্তব্যের সময় সংসদে হালকা হাসির পরিবেশ তৈরি হয় এবং প্রশ্নকর্তা হাসনাত আব্দুল্লাহও নিজেকে সামলাতে না পেরে হাসিতে অংশ নেন।

পরে প্রধানমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড কোনো অনুদান নয়, বরং এটি একটি বিনিয়োগমূলক উদ্যোগ। নতুন করে টাকা ছাপিয়ে নয়, বরং পরিকল্পিত অর্থনৈতিক ব্যবস্থাপনার মাধ্যমে এটি বাস্তবায়ন করা হচ্ছে। তাঁর মতে, এই উদ্যোগ অর্থনীতিকে আরও সচল করবে এবং মূল্যস্ফীতি বাড়ার বদলে নিয়ন্ত্রণে রাখতে সহায়ক হবে।