অধ্যক্ষ শিমুল বড়ুয়া বাকবিশিস চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি নির্বাচিত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৯ মে ২০২৬ ০৮:৩১ পূর্বাহ্ণ   |   ৪১ বার পঠিত
অধ্যক্ষ শিমুল বড়ুয়া বাকবিশিস চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি নির্বাচিত

আহমদ রেজা, বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম:

 

বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) চট্টগ্রাম জেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ শিমুল বড়ুয়া। শনিবার চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সংগঠনটির ১২তম ত্রি-বার্ষিক সম্মেলনে কাউন্সিলর শিক্ষকদের সর্বসম্মতিক্রমে আগামী তিন বছরের জন্য তাকে সভাপতি নির্বাচিত করা হয়।
 

অধ্যক্ষ শিমুল বড়ুয়া একজন বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ হিসেবে দীর্ঘদিন ধরে শিক্ষা, সাহিত্য ও গবেষণা অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। তাঁর রচিত ও সম্পাদিত উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে— অনোমা: রজতজয়ন্তী স্মারকগ্রন্থ, কবিয়াল ফণী বড়ুয়া স্মারকগ্রন্থ, বাংলার বৌদ্ধ ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতি, রবীন্দ্রজীবনে ও সাহিত্যে চট্টগ্রাম, চট্টগ্রামের প্রবাদ-প্রবচন এবং বেণীমাধব ও উত্তরাধিকারসহ একাধিক গবেষণাধর্মী প্রকাশনা। এছাড়া তাঁর নতুন গ্রন্থ মানবপুত্র বুদ্ধচিন্তনে-জাগরণে প্রকাশের অপেক্ষায় রয়েছে।
 

সাহিত্য ও গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বিভিন্ন জাতীয় পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন। এর মধ্যে বাংলার বৌদ্ধ ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতি গ্রন্থের জন্য ‘আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার-২০১২’ এবং রবীন্দ্রজীবনে ও সাহিত্যে চট্টগ্রাম গ্রন্থের জন্য ‘মহাকবি মধুসূদন পদক-২০১৮’ উল্লেখযোগ্য।
 

অধ্যক্ষ শিমুল বড়ুয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্সসহ এমএসএস ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার লতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষা প্রশাসনে দক্ষতা ও সফলতার জন্য উপজেলা পর্যায়ে তিনি পরপর দুইবার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
 

১৯৬৬ সালের ১৮ জানুয়ারি চট্টগ্রামের রাউজান উপজেলার উত্তর গুজরা গ্রামে জন্মগ্রহণকারী অধ্যক্ষ শিমুল বড়ুয়া শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক অঙ্গনে বহুমাত্রিক অবদানের মাধ্যমে ইতোমধ্যে স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন।