দীর্ঘ ৩৫ বছর পর জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) সংসদীয় আসনে ক্ষমতার পালাবদল ঘটেছে। টানা তিন দশকের বেশি সময় ধরে আসনটি আওয়ামী লীগ-এর দখলে থাকলেও এবারের নির্বাচনে বিজয়ী হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
এই আসন থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম টানা সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু বিষয়ক সহসম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল ধানের শীষ প্রতীক নিয়ে ২ লাখ ৭ হাজার ৪১২ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে তিনি তিনবার সংসদ নির্বাচনে অংশ নিলেও এবারই প্রথম বিজয়ের মুখ দেখলেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর প্রার্থী মো. মজিবুর রহমান আজাদী দাড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৮১ হাজার ৪৩০ ভোট।
দলীয় মনোনয়ন না পেয়ে বিএনপির প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সিদ্দিকী শুভ। পরবর্তীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাপ-পিরিচ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১২ হাজার ৫২ ভোট এবং তৃতীয় স্থানে অবস্থান করেন।
জামালপুর-৩ আসনে একটি পোস্টাল ভোটকেন্দ্রসহ মোট ১৫৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই আসনের মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৩৯ হাজার ৫০৩ জন।