দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মানিলন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার ঢাকার সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এই আদেশ দেন। দুদকের পক্ষে মামলার তদন্তকারী কর্মকর্তা ও সহকারী পরিচালক আল-আমিন আবেদনটি করেন। বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর মো. নূরে আলম।
আবেদনে বলা হয়, পলক ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে সম্পদ অর্জন করেছেন। দুদকের অনুসন্ধানে তার নামে ও বেনামে থাকা মোট ৮ কোটি ৭৩ লাখ ৪৭ হাজার ৪২ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে, যা তার বৈধ আয়ের উৎসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
এছাড়া অভিযোগে উল্লেখ করা হয়, তিনি নিজ ও যৌথ নামে বিভিন্ন ব্যাংকের ২৫টি হিসাবে মোট ৩২ কোটি ৪ লাখ ৯৫ হাজার ৩১৪ টাকা জমা করেছেন। এর মধ্যে ২৯ কোটি ৮৪ লাখ ৭২ হাজার ৯৫ টাকা ইতোমধ্যে উত্তোলন করা হয়েছে। দুদকের ধারণা, এসব অর্থ ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত এবং তা মানিলন্ডারিং প্রতিরোধ আইনের শাস্তিযোগ্য অপরাধের অন্তর্ভুক্ত।
উল্লেখ্য, ২০২৪ সালের ১২ ডিসেম্বর দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ মামলাটি দায়ের করা হয়। মামলায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা যুক্ত করা হয়েছে।
বর্তমানে আসামি কারাগারে থাকায় তদন্তের স্বার্থে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।