দক্ষিণ চট্রগ্রাম প্রতিনিধি :
মাঠজুড়ে আক্রমণ-পাল্টা আক্রমণ, গোলের রোমাঞ্চ আর শেষ বাঁশির আগমুহূর্তে নাটকীয় সমতা—সব মিলিয়ে পটিয়ায় সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ হয়ে উঠেছিল উপভোগ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে শেষ মুহূর্তের গোলে সমতায় ফেরে মরহুম সাংবাদিক জালাল-হারুন স্মৃতি ফুটবল দল। ফলে মরহুম সাংবাদিক তালেব-ইসলাম স্মৃতি ফুটবল দলের সঙ্গে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের পটিয়া স্পোর্টস অ্যারেনায় পটিয়া প্রেস ক্লাবের উদ্যোগে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল দারুণ ছন্দ ও গতির লড়াই। কখনো এক দলের আক্রমণ, কখনো অন্য দলের পাল্টা আক্রমণে মাঠজুড়ে সৃষ্টি হয় টানটান উত্তেজনা। গোলের সুযোগ তৈরিতে কেউ কাউকে একচুল ছাড় দিতে রাজি ছিল না।প্রথমার্ধে মরহুম সাংবাদিক তালেব-ইসলাম স্মৃতি ফুটবল দলের হয়ে ইরফানের দুর্দান্ত গোলে এগিয়ে যায় দলটি। ১-০ গোলের ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে আক্রমণের গতি বাড়ায় মরহুম সাংবাদিক জালাল-হারুন স্মৃতি ফুটবল দল। অন্যদিকে লিড ধরে রাখতে রক্ষণভাগ সামলে পাল্টা আক্রমণে প্রতিপক্ষকে ব্যস্ত রাখে তালেব-ইসলাম স্মৃতি দল। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ম্যাচের উত্তেজনা।
মনে হচ্ছিল, এক গোলের জয় নিয়েই মাঠ ছাড়বে তালেব-ইসলাম স্মৃতি দল। কিন্তু শেষ মুহূর্তে আলভীর নৈপুণ্যে বদলে যায় ম্যাচের চিত্র। তাঁর করা গোলে সমতায় ফেরে জালাল-হারুন স্মৃতি দল। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১-১ গোলের ড্রয়ে শেষ হয় ম্যাচ।খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য বদরুল খায়ের চৌধুরী। প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব আলহাজ্ব খোরশেদ আলম। পটিয়া প্রেস ক্লাবের সভাপতি আবদুল হাকিম রানার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিউল আজমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারর্সের প্রেসিডেন্ট লায়ন মো. নুরুল আলম, হৃদরোগ, মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. মো. আইয়ুব নবী এবং মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. হুমায়ুন রশীদ চৌধুরী জনপ্রতিনিধি বখতেয়ার উদ্দিন বকুল, বিএনপি নেতা মো: সেলিম প্রমূখ ।
প্রধান অতিথির বক্তব্যে খোরশেদ আলম বলেন, সাংবাদিকদের এ ধরনের ব্যতিক্রমী আয়োজন পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে। পেশাগত ব্যস্ততার বাইরে এমন মিলনমেলা সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। উদ্বোধক বদরুল খায়ের চৌধুরী বলেন, পটিয়ায় সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সব অজানা তথ্য বেরিয়ে আসুক এটা আমরা চাই। তিনি সরকারের উন্নয়ন কর্মকান্ডের যথাযথ প্রতিফলন ঘটানোর আহবান জানান।
অনুষ্ঠানে অতিথিরা দুই দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন এবং এমন আয়োজনের প্রশংসা করেন।
আয়োজকেরা জানান, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সাংবাদিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করা এবং প্রয়াত সাংবাদিকদের স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় করে রাখতেই এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন।
খেলাকে ঘিরে সাংবাদিক, অতিথি ও দর্শকদের উপস্থিতিতে স্পোর্টস অ্যারেনায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। প্রতিযোগিতার মাঠে ছিল জয়-পরাজয়ের লড়াই, আর মাঠের বাইরে ফুটে ওঠে সৌহার্দ্য, সম্প্রীতি ও বন্ধুত্বের অনন্য বন্ধন।এতে প্রয়াত সভাপতি জালাল উদ্দীন আহমেদ,সাধারন সম্পাদক আবু তালেব, প্রয়াত সভাপতি হারুনুর রশীদ সিদ্দিকী ও মুহাম্মদ নুরুল ইসলামসহ দেশের প্রয়াত সকল সাংবাদিকদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। বি: দ্র: ক্রিডিটে নাম দিতে হবে না