সুনামগঞ্জের দিরাইয়ে বিএনপি-যুবলীগ সমর্থকদের সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৩০

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৩ মে ২০২৬ ০৪:৫৫ অপরাহ্ণ   |   ৬০ বার পঠিত
সুনামগঞ্জের দিরাইয়ে বিএনপি-যুবলীগ সমর্থকদের সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৩০

সুনামগঞ্জের দিরাই উপজেলায় রাজনৈতিক আধিপত্য ও পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন।
 

মঙ্গলবার (১২ মে) বিকেলে উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের আলিনগর গ্রামে বিএনপি ও যুবলীগ-সমর্থিত দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ব্যক্তি রতন মিয়া, তিনি বিএনপি নেতা শাহাদীব মেম্বারের সমর্থক বলে জানা গেছে।
 

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ভাটিপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য শাহাদীব মেম্বার এবং আলিনগর গ্রামের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল মুহিতের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিরোধ ও আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা চলছিল। এ নিয়ে উভয় পক্ষের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সম্প্রতি এক সপ্তাহ আগে ঘটে যাওয়া একটি ঘটনার পর থেকে এলাকায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
 

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মঙ্গলবার বিকেলে ভাটিপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে শাহাদীব মেম্বারকে প্রতিপক্ষের লোকজন আটকিয়ে মারধর করে বলে অভিযোগ ওঠে। এ খবর ছড়িয়ে পড়ার পর দুই পক্ষই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন।
 

সংঘর্ষ চলাকালে কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।
 

আহতদের মধ্যে আব্দুল মুহিত পক্ষের অন্তত ২০ জনকে সুনামগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে শাহাদীব মেম্বারের পক্ষের ১০ জন দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। গুরুতর আহত আল আমিন (২৬) ও সোনাই মিয়া (৭৫)-কে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
 

খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 

এ বিষয়ে অভিযুক্ত দুই পক্ষের নেতারা পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। তাদের মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া মেলেনি।
 

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় শান্ত পরিস্থিতি বিরাজ করছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।