কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর কাছে ইয়াবার চালান পৌঁছে দিতে গিয়ে ১৭ হাজার পিস ইয়াবাসহ এক স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। তবে অভিযানের খবর পেয়ে পালিয়ে যান ওই রোগী, যার কাছে মাদকের চালান পৌঁছানোর কথা ছিল।
আটক ব্যক্তিরা হলেন টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া এলাকার বাসিন্দা আয়েশা আক্তার ও তার স্বামী জাগির হোসেন।
পুলিশ জানায়, রোববার রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের এআরটি সেন্টার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় রোগীদের আনাগোনার মধ্যেই স্বামী-স্ত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। পরে গণনা করে দেখা যায়, উদ্ধারকৃত ইয়াবার সংখ্যা ১৭ হাজার।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, টেকনাফের হোয়াইক্যং এলাকা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে ওই দম্পতি ইয়াবা নিয়ে কক্সবাজার শহরে আসছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বিকেল থেকেই পুলিশের একাধিক টিম শহরের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেয়। টানা বৃষ্টির মধ্যেও নজরদারি অব্যাহত রাখা হয়। পরে সদর হাসপাতালের সামনে পৌঁছালে তাদের আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন জোবায়ের প্রকাশ ফরিদের কাছে ইয়াবার চালান পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে তারা সেখানে এসেছিলেন। তবে পুলিশের অভিযান শুরু হওয়ার পর হাসপাতাল থেকে পালিয়ে যান ফরিদ।
পুলিশের ভাষ্য অনুযায়ী, হাসপাতালকে আড়াল হিসেবে ব্যবহার করে একটি সংঘবদ্ধ মাদক চক্র কার্যক্রম পরিচালনা করছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে স্বামী-স্ত্রীকে ইয়াবাসহ আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর কাছে এসব ইয়াবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল। এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।