ঢাকা প্রেস, বুধবার (২২ এপ্রিল):
ট্যাক্স-ফ্রি গাড়ি নয়, বরং সরকারি মালিকানাধীন গাড়ি ব্যবহারের সুযোগ চেয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
বুধবার বিকেলে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৯তম দিনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ কথা জানান।
হাসনাত আব্দুল্লাহ বলেন, সংসদ সদস্যরা ট্যাক্স-ফ্রি গাড়ি বা প্লট সুবিধা নিতে চান না। তবে জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি)সহ অন্যান্য সরকারি কর্মকর্তারা যেভাবে সরকারি দায়িত্ব পালনের জন্য গাড়ি পান, একইভাবে সংসদ সদস্যদেরও সরকারি গাড়ি ব্যবহারের সুযোগ দেওয়া যেতে পারে।
তিনি আরও বলেন, সরকারি মালিকানাধীন একটি গাড়ি সংসদ সদস্যরা দায়িত্বে থাকা পর্যন্ত ব্যবহার করবেন এবং এতে অতিরিক্ত ব্যয়ের প্রয়োজন হবে না। বর্তমানে সংসদ সদস্যদের গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য মাসিক ৭০ হাজার টাকা বরাদ্দ থাকলেও অনেকের নিজস্ব গাড়ি নেই বলে তিনি উল্লেখ করেন।
গতকালের বক্তব্য প্রসঙ্গে ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, তিনি কখনোই ট্যাক্স-ফ্রি গাড়ির দাবি করেননি। ট্যাক্স-ফ্রি গাড়ি ও প্লট সুবিধা না নেওয়ার বিষয়ে ইতোমধ্যে সংসদের সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি।
এ বিষয়ে তিনি দাবি করেন, ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যরা এ সিদ্ধান্তের মাধ্যমে একটি অনন্য নজির স্থাপন করেছেন।