সব নির্বাচনে সাংবাদিকদের অনলাইনে কার্ড দেবে ইসি

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৭ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৩৫ অপরাহ্ণ   |   ৬৪ বার পঠিত
সব নির্বাচনে সাংবাদিকদের অনলাইনে কার্ড দেবে ইসি

 

নিজস্ব প্রতিবেদক:


জাতীয় সংসদ নির্বাচনসহ দেশের সব ধরনের নির্বাচনে সংবাদ সংগ্রহে গণমাধ্যমকর্মীদের অনলাইনে কার্ড দেওয়ার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, নিরাপদ ও কার্যকর করতে নির্বাচনসংশ্লিষ্ট গণমাধ্যমকর্মীদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)সহ বিভিন্ন অংশীজনের মতামত নিয়ে সফটওয়্যার তৈরির পরিকল্পনা করা হয়েছে।

 

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অংশীজনদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
 

তিনি বলেন, এ বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে কমিটি প্রতিবেদন দেবে। সেই প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
 

বৈঠকে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী বলেন, নির্বাচনের গ্রহণযোগ্যতা অনেকাংশেই স্বাধীন ও পেশাদার সাংবাদিকতার ওপর নির্ভরশীল। অতীতে অনেক অপেশাদার ব্যক্তি ও দলীয় নেতাকর্মী সাংবাদিকের কার্ড নিয়েছেন। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, সে জন্য কার্ড প্রদানের ক্ষেত্রে স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত করা প্রয়োজন।
 

তিনি পেশাদার সাংবাদিকদের যথাযথ যাচাই-বাছাইয়ের মাধ্যমে কার্ড দেওয়ার বিষয়ে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।
 

ইসি সূত্র জানায়, এবার সাংবাদিকদের কার্ড দেওয়ার পুরো প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে গণমাধ্যমের বিভিন্ন সংগঠন ও সংশ্লিষ্ট অংশীজনদের মতামত নিয়ে সফটওয়্যার তৈরি করা হবে।
 

এর আগে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগে অনলাইনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড দেওয়ার উদ্যোগ নিয়েছিল ইসি। কোনো ধরনের ট্রায়াল ছাড়াই তড়িঘড়ি করে একটি ওয়েবসাইট চালু করা হয়। কিন্তু সেখানে আবেদন করার পর প্রায় ১৪ হাজার সাংবাদিকের তথ্য উন্মুক্ত হয়ে পড়ে।
 

এ ঘটনায় গণমাধ্যমকর্মীদের মধ্যে ব্যাপক অসন্তোষ ও সমালোচনা দেখা দিলে অনলাইনে কার্ড দেওয়ার প্রক্রিয়া থেকে সরে আসে কমিশন। এবার সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করে নিরাপদ ও কার্যকর সফটওয়্যার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
 

নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে ইসি সচিব আখতার আহমেদের সভাপতিত্বে বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক কাজী জেসিন, ইসির অতিরিক্ত সচিব সামসুল আলম, আরএফইডির সভাপতি কাজী এমাদ উদ্দীন জেবেল, সাধারণ সম্পাদক ইকরাম-উদ-দৌলাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।