আহমদ রেজা, চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি:
প্রবল বৃষ্টি ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে চট্টগ্রামের ফটিকছড়িতে যৌক্তিক স্থানে উপজেলা সদর স্থাপনের দাবিতে হাজারো মানুষ বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন। বিক্ষোভকারীরা ন্যায়বিচার ও তাদের দাবি বাস্তবায়নের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে বক্তারা বলেন, যৌক্তিক স্থানে উপজেলা সদর স্থাপন এলাকার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি। তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচিতে অংশ নিয়ে ইনসাফ ও ন্যায্যতা প্রতিষ্ঠার আহ্বান জানান। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও কর্মসূচিতে মানুষের অংশগ্রহণ ছিল ব্যাপক। প্রবল বৃষ্টির মধ্যেও উপস্থিতির সংখ্যা কমেনি; বরং বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি কর্মসূচিকে আরও প্রাণবন্ত করে তোলে।
বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা বারবার "ইনসাফ চাই, ন্যায্যতা চাই"সহ বিভিন্ন স্লোগান দিয়ে তাদের দাবি তুলে ধরেন।
সেলিম মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন হেয়াকো বনানী কলেজের সভাপতি মোজাম্মেল হায়দার চৌধুরী বাবু, সমাজসেবক আতিকুল ইসলাম চৌধুরী, বিএনপি নেতা মনির হায়দার চৌধুরী, অধ্যাপক হাসান মেহেদী, উত্তর ফটিকছড়ি সমিতি চট্টগ্রামের সাধারণ সম্পাদক খাইরুল খোমেনি, বিএনপি নেতা বেলাল আহমদ, জামায়াত নেতা নুরুল আলম, ‘স্বপ্নের ফটিকছড়ি’র সংগঠক তাসনিম জিহান, শেখ জাহিদ হাসান এবং ছাত্রনেতা ইমাম হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।