জুলাই সনদ বাস্তবায়ন হলে জাতীয় ঐক্য তৈরি হবে: জামায়াত আমির

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৮ নভেম্বর ২০২৬ ০৯:১২ অপরাহ্ণ   |   ৭৯ বার পঠিত
জুলাই সনদ বাস্তবায়ন হলে জাতীয় ঐক্য তৈরি হবে: জামায়াত আমির

গণভোটের রায় অনুযায়ী জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, গঙ্গা চুক্তির নবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং নাশকতা দমনে কঠোর পদক্ষেপসহ সরকারের কাছে ২৩ দফা প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম মজলিসে শুরার অধিবেশন থেকে এসব প্রস্তাব তুলে ধরা হয়।
 

শনিবার রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
 

তিনি বলেন, ‘সমস্যা আপনারা তৈরি করেছেন, সমাধান আপনারা খুঁজে বের করুন। জনগণের গণরায় বাস্তবায়ন করুন। তাহলে ২০২৪ সালে যেমন সবাই ঐক্যবদ্ধ ছিলাম, নতুন করে ঐক্যের কোনো প্রক্রিয়া শুরু করার দরকার হবে না। এর ওপরেই জাতীয় ঐক্য তৈরি হয়ে যাবে।’
 

সরকারের প্রতি আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, জুলাইয়ের অঙ্গীকার উপেক্ষা করে সংবিধান সংস্কারের পরিবর্তে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন করা হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনে সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেগুলো অবশ্যই বাস্তবায়ন করতে হবে। কোনো কিছুর বিনিময়েই এ বিষয়ে নিজেদের অবস্থান পরিবর্তন করা হবে না বলেও জানান তিনি।
 

প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের আহ্বাতের বিষয়ে শফিকুর রহমান বলেন, ‘আমরা বসব, তবে জনগণের দাবি নিয়ে, আমাদের দলের দাবি নিয়ে নয়।’
 

স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার প্রসঙ্গ তুলে তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার ক্ষমতায় এসে এ উদ্যোগ বাস্তবায়নের পথ বন্ধ করে দিয়েছে। এটি জাতির সঙ্গে প্রতারণার শামিল। তাঁর ভাষ্য, সংবিধান সংস্কারের মাধ্যমে যে পরিবর্তন আসবে, তাতে আদালতের হস্তক্ষেপের সুযোগ থাকবে না। তবে সংবিধান সংশোধনের মাধ্যমে পরিবর্তন আনা হলে আদালত সেখানে হস্তক্ষেপ করতে পারবে।
 

গোপালগঞ্জে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি বাহিনীর পর্যাপ্ত তৎপরতা দেখা যায়নি বলেও অভিযোগ করেন জামায়াত আমির। তিনি বলেন, একটি জেলাকে স্বাধীন ঘোষণা করা স্পষ্ট রাষ্ট্রদ্রোহিতা।
 

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, নারী ও শিশুসহ সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। এমনকি স্কুলের ফটক ও ভেতরেও মাদক বিক্রির ঘটনা ঘটছে।
 

দেশের তৈরি পোশাকশিল্প নিয়ে উদ্বেগ জানিয়ে শফিকুর রহমান অভিযোগ করেন, এ শিল্পকে ধ্বংস করার অপচেষ্টা চলছে। তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর সংবাদমাধ্যমে বাংলাদেশের পোশাকশিল্প নিয়ে নেতিবাচক ও ধ্বংসাত্মক সমালোচনা করা হচ্ছে। বলা হচ্ছে, এ শিল্পও টিকবে না। এ শিল্প ধ্বংসের পেছনে তাদের কোনো ভূমিকা রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
 

মজলিসে শুরার ২৩ দফা প্রস্তাব

অধিবেশন থেকে গণভোটের ফলাফলের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং সংবিধান সংশোধনবিষয়ক বিশেষ কমিটি বাতিলের প্রস্তাব দেওয়া হয়। একই সঙ্গে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পক্ষের সব রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও সংশ্লিষ্ট অংশীজনের মধ্যে জাতীয় ঐকমত্য বজায় রাখতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।
 

স্বাস্থ্যসেবা খাতের সংস্কার, হামের টিকাদান ও চিকিৎসা নিশ্চিত করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বাজার সিন্ডিকেট ভেঙে দেওয়া এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়গুলোও প্রস্তাবে গুরুত্ব পেয়েছে। পাশাপাশি তৈরি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ নিরসনে সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
 

প্রস্তাবনায় জুলাই গণহত্যা ও শরিফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা, চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাস বন্ধ এবং পতিত ফ্যাসিবাদী শক্তির অগ্নিসন্ত্রাস ও নাশকতা দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।
 

এ ছাড়া সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা ও পুশইন বন্ধ, গঙ্গা চুক্তি নবায়নের ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ নিশ্চিত করা, প্রশাসন, বিচার বিভাগ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণমুক্ত করা এবং সুশাসন প্রতিষ্ঠার প্রস্তাব দেওয়া হয়।
 

প্রবাসীদের সমস্যা সমাধান, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন এবং ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে যুদ্ধ ও আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বানও জানানো হয়েছে।
 

অধিবেশনে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের এমপি, এ টি এম আজহারুল ইসলাম এমপি, মুজিবুর রহমান এমপি, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। মজলিসে শুরার পাশাপাশি কেন্দ্রীয় কর্মপরিষদের নারী ও পুরুষ সদস্যরাও এতে অংশ নেন।
 

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুযায়ী বছরে দুবার দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম মজলিসে শুরার অধিবেশন অনুষ্ঠিত হয়।