টিসিবির ট্রাক সেল : প্রতিদিন ৭২০ ট্রাকে বিক্রি হবে পণ্য

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১১ মে ২০২৬ ০৪:৩৭ অপরাহ্ণ   |   ৪৬ বার পঠিত
টিসিবির ট্রাক সেল : প্রতিদিন ৭২০ ট্রাকে বিক্রি হবে পণ্য

পবিত্র ইদুল আজহা উপলক্ষে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম আজ সোমবার থেকে শুরু হচ্ছে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির রাজধানীর আগারগাঁও এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করবেন।

 

সারা দেশে ৭২০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ১১ থেকে ২১ মে পর্যন্ত ১০ দিন (শুক্রবার ছাড়া) দৈনিক ট্রাকপ্রতি ৪০০ জন সাধারণ জনগণের কাছে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য (ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল) বিক্রির কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ট্রাক সেলের মাধ্যমে প্রায় ২৮ লাখ ৮০ হাজার উপকারভোগীর কাছে প্রায় ১৩ হাজার ৯৩৯ টন পণ্য বিক্রি করা হবে। যেকোনো ভোক্তা ট্রাক থেকে পণ্য ক্রয় করতে পারবেন।

 

বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল রবিবার এসব তথ্য জানানো হয়েছে।

 

বিবৃতিতে আরো বলা হয়েছে, সরকারি নির্দেশনায় টিসিবির কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য (ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল) বিক্রির কার্যক্রম চলমান রয়েছে।

 

পাশাপাশি, ঈদুল আজহা উপলক্ষে প্রতিদিন ঢাকা মহানগরীতে ৫০টি (ঢাকা জেলাসহ), চট্টগ্রাম মহানগরীতে ২০টি (চট্টগ্রাম জেলাসহ), অন্য ছয়টি বিভাগীয় শহর এবং সংশ্লিষ্ট জেলায় প্রতিটিতে ১৫টি করে এবং অবশিষ্ট ৫৬টি জেলায় ১০টি করে ট্রাকে পণ্য বিক্রি করা হবে।

 

১৩০ টাকা দরে ভোক্তাপ্রতি সর্বোচ্চ ভোজ্য তেল দুই লিটার, চিনি এক কেজি ৮০ টাকা, মসুর ডাল দুই কেজি প্রতি কেজি ৭০ টাকায় বিক্রি করা হবে।

 

উল্লেখ্য, ঈদুল আজহা উপলক্ষে প্রায় ৭২ লাখ টিসিবির কার্ডধারী পরিবারের কাছে মে মাসে প্রায় ৩৪ হাজার ৮৪৮ টন পণ্য বিক্রয় করা হবে।