সোমবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছন্নতাকর্মীরা পরিত্যক্ত ভবনটি পরিষ্কার করতে গেলে লোহার হুকের সঙ্গে কাপড় প্যাঁচানো অবস্থায় মরদেহটি ঝুলতে দেখেন। পরে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলে পুলিশে খবর দেওয়া হয়।
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরুল হাসান জানান, পরিচ্ছন্নতাকর্মীরা ভবন পরিষ্কার করার সময় মরদেহটি দেখতে পান। দীর্ঘদিন পড়ে থাকায় মরদেহটির শরীরের বিভিন্ন স্থান থেকে মাংস খসে পড়েছিল।
খবর পেয়ে মাধবপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। থানার এসআই প্রদীপ চন্দ্র সরকার জানান, মরদেহের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, প্রায় এক মাস আগে ওই যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে।