মুরাদনগরে গ্যাসসংকটপূর্ণ এলাকায় সুলভমূল্যে ফ্রেশ গ্যাসের বিশেষ ক্যাম্পেইন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২০ ফেব্রুয়ারি ২০২৬ ০২:২২ অপরাহ্ণ   |   ১১০ বার পঠিত
মুরাদনগরে গ্যাসসংকটপূর্ণ এলাকায় সুলভমূল্যে ফ্রেশ গ্যাসের বিশেষ ক্যাম্পেইন

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

মাহে রমজানকে সামনে রেখে জ্বালানি সংকটে বিপর্যস্ত সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে কুমিল্লার মুরাদনগরের গ্যাসসংকটপূর্ণ এলাকায় ন্যায্যমূল্যে একদিনের বিশেষ এলপিজি সিলিন্ডার ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রান্নার গ্যাসের কৃত্রিম সংকট ও অতিরিক্ত দামের মধ্যে জনবান্ধব এই উদ্যোগ গ্রহণ করে মেঘনা ফ্রেশ এলপিজি (ফ্রেশ গ্যাস কোম্পানি)।

স্বল্প ও মধ্য আয়ের মানুষের জন্য স্বস্তির বার্তা নিয়ে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ঐতিহ্যবাহী কোম্পানিগঞ্জ বাজারে সরকারি দামে এলপিজি গ্যাস বিক্রির বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনের আওতায় সরকার নির্ধারিত মূল্য ১ হাজার ৩৫৬ টাকা হলেও ১২ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডার সীমিত লাভে বিক্রি করা হয় ১ হাজার ৪০০ টাকায়। খোলা বাজারে মোট ১০০টি সিলিন্ডার বিক্রি করা হয়। নির্ধারিত দামে গ্যাস পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ ভোক্তারা।

স্থানীয় সূত্র জানায়, দেশের বিভিন্ন এলাকায় পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে ৩৫০ থেকে ৭০০ টাকা পর্যন্ত বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রির অভিযোগ রয়েছে। এমন বাস্তবতায় ফ্রেশ গ্যাস কোম্পানির এই উদ্যোগ বাজারে ইতিবাচক বার্তা দিয়েছে বলে মনে করছেন ভোক্তা অধিকার সংশ্লিষ্টরা।

ক্যাম্পেইনে অংশ নেওয়া ভোক্তারা বলেন, রমজানের মতো গুরুত্বপূর্ণ সময়ে ন্যায্যমূল্যে রান্নার গ্যাস পাওয়া তাদের জন্য বড় স্বস্তির বিষয়। স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহলের মতে, এ ধরনের উদ্যোগ নিয়মিত ও বিস্তৃত হলে কৃত্রিম সংকট, অতিরিক্ত মূল্য আদায় এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য অনেকাংশে কমে আসবে।

এই মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম সম্পর্কে মেসার্স ছায়েদ আলী এন্ড সন্স-এর স্বত্বাধিকারী আলাউদ্দিন (মাসুদ) বলেন, রমজানের মতো পবিত্র সময়ে যেন সাধারণ মানুষ রান্নার গ্যাসের সংকটে ভোগান্তিতে না পড়েন, সেই মানবিক চিন্তা থেকেই সুলভমূল্যে এলপিজি সরবরাহের এই উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার নির্ধারিত মূল্যে সীমিত লাভে গ্যাস সরবরাহ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা থাকবে।

জাতীয় রাজস্ব বোর্ডের ফেব্রুয়ারি ২০২৬ সালের তথ্য অনুযায়ী, দেশে এলপিজি আমদানির পরিমাণ সন্তোষজনক হলেও মাঠপর্যায়ে মূল্য নিয়ন্ত্রণে ঘাটতি রয়েছে। পর্যাপ্ত আমদানি থাকা সত্ত্বেও ভোক্তারা ন্যায্যমূল্যে গ্যাস না পাওয়ায় তদারকি জোরদারের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, গত ২ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করা হলেও অনেক এলাকায় তা কার্যকর হচ্ছে না বলে অভিযোগ রয়েছে।

মেঘনা ফ্রেশ এলপিজি কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, ভোক্তাদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভবিষ্যতেও ন্যায্যমূল্যে গ্যাস সরবরাহ কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। মাহে রমজান উপলক্ষে আয়োজিত এই বিশেষ ক্যাম্পেইন ইতোমধ্যে সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।