স্ত্রীর অ্যাকাউন্টে ৬১৩ টাকা: ব্যাংক হিসাব প্রকাশ করলেন আসিফ মাহমুদ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৪ মার্চ ২০২৬ ০৯:৩৭ অপরাহ্ণ   |   ৩৫ বার পঠিত
স্ত্রীর অ্যাকাউন্টে ৬১৩ টাকা: ব্যাংক হিসাব প্রকাশ করলেন আসিফ মাহমুদ

নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের জবাবে ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি নিজে ও পরিবারের সদস্যদের ব্যাংক স্টেটমেন্ট জনসমক্ষে তুলে ধরেন। এতে দেখা যায়, তার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে মাত্র ৬১৩ টাকা।
 

বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।
 

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগের সময় তিনি মন্ত্রিপরিষদ বিভাগে নিজের আয় ও সম্পদের পূর্ণাঙ্গ বিবরণী জমা দিয়েছেন। এরপরও বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হওয়ায় নিজের ও পরিবারের সব সদস্যের ব্যাংক হিসাব প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছেন, যাতে কোনো প্রশ্ন বা সন্দেহের অবকাশ না থাকে।
 

তিনি জানান, প্রথমে কেবল নিজের ব্যাংক স্টেটমেন্ট প্রকাশের সিদ্ধান্ত থাকলেও পরবর্তীতে স্বচ্ছতার স্বার্থে পরিবারের সবার হিসাব একসঙ্গে প্রকাশ করা হয়।
 

পরিবারের সম্পদের বিবরণ তুলে ধরে সাবেক এই উপদেষ্টা বলেন, তার বাবার পাঁচটি ব্যাংক অ্যাকাউন্টে মোট জমা রয়েছে ৫ লাখ ৪৭ হাজার ৭১১ টাকা। তবে শিক্ষক হিসেবে নেওয়া ১০ লাখ টাকার সার্ভিস লোনের বিপরীতে এখনো পরিশোধ বাকি আছে ৬ লাখ ৩৯ হাজার ৭৪৬ টাকা। ফলে সব হিসাব মিলিয়ে তিনি প্রায় ৮২ হাজার ৩৫ টাকা দেনায় রয়েছেন।
 

তিনি আরও বলেন, তার মায়ের একটি ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে ২১ হাজার ১৫৪ টাকা। স্ত্রীর একটি ব্যাংক অ্যাকাউন্টে জমা রয়েছে ৬১৩ টাকা। নিজের দুটি ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে একটি সোনালী ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট, যেখানে আছে ৯ হাজার ৯৩০ টাকা। অপরটি তার সেলারি অ্যাকাউন্ট, যার মাধ্যমে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকাকালে বেতন ও ভাতা সংক্রান্ত সব লেনদেন হয়েছে।
 

আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানান, ১৬ মাস দায়িত্বকালে গড়ে মাসে প্রায় ১ লাখ ৬৫ হাজার টাকা করে বেতন ও ভাতাসহ সব লেনদেন এই সেলারি অ্যাকাউন্টে হয়েছে। বর্তমানে এতে জমা আছে ৯ লাখ ৭৮ হাজার ৬২৬ টাকা। মোট হিসাবে তার দুইটি অ্যাকাউন্টে সম্মিলিতভাবে রয়েছে ৯ লাখ ৭৮ হাজার ৫৫৬ টাকা।
 

তিনি বলেন, এসব তথ্য প্রকাশের মাধ্যমে নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগের স্বচ্ছ ও স্পষ্ট জবাব দিতে চান তিনি।