কুমিল্লার লালমাই উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে বাগমারা দক্ষিণ বাজার এলাকার কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দলীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া সমর্থিত বিএনপি নেতা মাওলানা জাকির হোসেনের ওপর হামলার প্রতিবাদে বুধবার বিকেলে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাগমারা দক্ষিণ বাজার এলাকায় পৌঁছালে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রের ভাষ্য, মিছিল থেকে কিছু যুবদল ও ছাত্রদল নেতাকর্মী কার্যালয়ের শাটারের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় চেয়ার-টেবিল, ব্যানার-পোস্টারসহ বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করা হয়। দেয়ালে থাকা দলীয় নেতাদের ছবিসংবলিত পোস্টার ও ব্যানারও ছিঁড়ে ফেলা হয় বলে অভিযোগ রয়েছে।
লালমাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউছুফ আলী মীর পিন্টু অভিযোগ করেন, উপজেলা যুবদলের আহ্বায়ক জাবের আহমেদসহ কয়েকজনের নেতৃত্বে এ ভাঙচুর চালানো হয়েছে। তাঁর দাবি, কার্যালয়ের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে মিটার ও ১৬টি বৈদ্যুতিক পাখা ক্ষতিগ্রস্ত করা হয়েছে। তিনি ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
তবে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে উপজেলা যুবদলের আহ্বায়ক জাবের আহমেদের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
লালমাই থানার ওসি মিজানুর রহমান জানান, বিএনপি কার্যালয়ের শাটারের তালা ভেঙে ভেতরে ঢুকে কিছু চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে স্থানীয় সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, তাঁর নির্বাচনী এলাকায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের কোনো কমিটি তিনি স্বীকৃতি দেন না। কার্যালয়টি কে বা কারা ভাঙচুর করেছে, সে বিষয়ে তিনি অবগত নন এবং বিষয়টি জানার চেষ্টা করছেন।