স্বর্ণের দামে আবারও বড় পতন, ভরি কত?

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৩ মে ২০২৬ ০১:২৬ অপরাহ্ণ   |   ৪৫ বার পঠিত
স্বর্ণের দামে আবারও বড় পতন, ভরি কত?

দেশীয় বাজারে ফের কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা পর্যন্ত দাম কমানোর ঘোষণা দিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা।

 

শনিবার সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, নতুন এ মূল্য সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

 

বাজুসের ভাষ্য, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এদিন বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

 

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৯৯ টাকা কমিয়ে ২ লাখ ২৫ হাজার ২৩২ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের স্বর্ণের দাম কমেছে ১ হাজার ৮০৮ টাকা, ফলে নতুন দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ হাজার ৪৫৮ টাকা কমে বিক্রি হবে ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকায়।

 

এর আগে গত ২১ মে প্রতি ভরি স্বর্ণের দাম একই পরিমাণ অর্থাৎ ২ হাজার ১৫৮ টাকা বাড়ানো হয়েছিল।

 

তবে স্বর্ণের দাম কমলেও রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৬৫৭ টাকা, ২১ ক্যারেটের ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৪৪১ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।

 

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ৬৮ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৬ বার দাম বাড়ানো হয়েছে এবং ৩২ বার কমানো হয়েছে। অন্যদিকে ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম পরিবর্তন করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার বাড়ানো এবং ২৯ বার কমানো হয়।