রাজধানীতে ওভারটাইমের বকেয়া টাকা না পাওয়ার ক্ষোভে মালিকের ব্যক্তিগত গাড়ি নিয়ে পালানোর অভিযোগে এক চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর সহায়তায় অভিযান চালিয়ে বংশাল এলাকা থেকে গাড়িটি উদ্ধার করা হয়েছে।
সোমবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকালে রাজধানীর ভাটারা থানার নতুনবাজার এলাকার এক ব্যক্তি ৯৯৯-এ ফোন করে জানান, তার ব্যক্তিগত গাড়ির চালক কাউকে কিছু না জানিয়ে গাড়ি নিয়ে চলে গেছেন। পরে চালকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এরপর তিনি গাড়ি উদ্ধারে ৯৯৯-এর সহায়তা চান।
খবর পাওয়ার পর ৯৯৯ কর্তৃপক্ষ বিষয়টি তাৎক্ষণিকভাবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক কন্ট্রোল রুমকে জানায়। কলটি গ্রহণ করেন ৯৯৯-এর কলটেকার কনস্টেবল মো. মৃদুল আহমেদ। পুরো উদ্ধার অভিযানে কলার ও সংশ্লিষ্ট ইউনিটের সঙ্গে সমন্বয়ের দায়িত্ব পালন করেন পুলিশ ডিসপ্যাচার এএসআই মো. হারুনুর রশিদ।
ট্রাফিক কন্ট্রোল রুমের তথ্যের ভিত্তিতে বংশাল থানার চাঁনখারপুল চৌরাস্তার নাজিমউদ্দিন রোডে শামীম ডেন্টালের সামনে থেকে সার্জেন্ট তৌফিক এলাহী সুজন ঢাকা মেট্রো-গ-২২-৮৮৭৮ নম্বরের প্রাইভেটকারটি আটক করেন। পরে বংশাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটি থানায় নিয়ে যায় এবং মালিকের কাছে বুঝিয়ে দেয়।
এ ঘটনায় প্রাইভেটকার চুরির অভিযোগে চালক মো. জলিল মৃধা (৫৯)কে গ্রেপ্তার করা হয়েছে। তার গ্রামের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার ভাইয়ার হাউলা গ্রামে। তিনি ঢাকার ভাটারা এলাকার সাইদনগরে বসবাস করতেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জলিল মৃধা পুলিশকে জানিয়েছেন, ওভারটাইমের বকেয়া টাকা না পাওয়ার ক্ষোভ থেকেই তিনি মালিকের গাড়ি নিয়ে চলে গিয়েছিলেন। এ ঘটনায় বংশাল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।