দ্য কাঠমান্ডু পোস্ট
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রমে সীমিত পরিসরে বিদেশি বিশেষজ্ঞ ও উদ্ধারকারী দলকে কাজের অনুমতি দিয়েছে সরকার। নিখোঁজ বিদেশি নাগরিকদের সন্ধানে সংশ্লিষ্ট দেশগুলোর কূটনৈতিক তৎপরতা ও চাপের মুখে আগের অবস্থান থেকে সরে এসে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার বোটেকোশি ও ত্রিশূলী নদীতে ভয়াবহ আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির পর নেপাল সরকার জানিয়েছিল, পরিস্থিতি মোকাবিলায় দেশটির নিজস্ব উদ্ধারকারী দলই যথেষ্ট। এ কারণে বিদেশি উদ্ধারকারী দলকে অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এক দিনের ব্যবধানেই সেই অবস্থান পরিবর্তন করে টানেল থেকে উদ্ধার, ডিএনএ পরীক্ষা ও ফরেনসিক কার্যক্রমে বিদেশি বিশেষজ্ঞদের সহায়তা নেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার।
নেপালের এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা ‘কাঠমান্ডু পোস্ট’কে বলেন, নিখোঁজদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক থাকায় আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে ব্যাপক চাপ ছিল। এ পরিস্থিতিতে নির্দিষ্ট কিছু কাজে সীমিতসংখ্যক বিদেশি বিশেষজ্ঞকে কাজের অনুমতি দেওয়া হয়েছে।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের মূল্যায়নের ভিত্তিতে ভারত, চীন, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়ার বিশেষজ্ঞ ও কারিগরি দলকে নেপালে কাজের অনুমতি দেওয়া হয়েছে। এসব দলের সদস্যরা টানেলে আটকে পড়াদের উদ্ধারের পাশাপাশি মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা ও ফরেনসিক কার্যক্রমে সহায়তা করবেন।
নেপাল ট্যুরিজম বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী, ভয়াবহ বন্যায় ৫৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এখনো নিখোঁজ রয়েছেন ৯৭৭ জন। নিখোঁজদের মধ্যে ৩১ দেশের ৫১৭ জন বিদেশি নাগরিক রয়েছেন।
নিখোঁজ বিদেশিদের মধ্যে ভারতের ১৭৮, যুক্তরাষ্ট্রের ৬৫, ইউক্রেনের ৫৩, অস্ট্রেলিয়ার ৩৫ এবং যুক্তরাজ্যের ৩৩ জন নাগরিক রয়েছেন।
এরই মধ্যে ভারত টানেল উদ্ধারকারী দল, চিকিৎসক দল এবং ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) সদস্য পাঠানোর প্রস্তাব দিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, নেপালকে বিভিন্ন ধরনের সহায়তার প্রস্তাব দেওয়া হয়েছে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানালের সঙ্গেও কথা বলেছেন। তিনি জানিয়েছেন, নেপালের প্রয়োজন অনুযায়ী ভারত সহায়তা দিতে প্রস্তুত।
দক্ষিণ কোরিয়াও উদ্ধারকাজে সহায়তার প্রস্তাব দিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী চো হিউন নেপালে থাকা দক্ষিণ কোরীয় নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। নিখোঁজ নয়জন দক্ষিণ কোরীয় নাগরিকের সন্ধানে দেশটি ইতোমধ্যে একটি ‘প্রম্পট রেসপন্স টিম’ পাঠিয়েছে। পাশাপাশি আরও বড় একটি উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল জানিয়েছেন, প্রয়োজন অনুযায়ী তিনটি নির্দিষ্ট ক্ষেত্রে আন্তর্জাতিক সহায়তা নেওয়া হচ্ছে।