মাদারগঞ্জে নিখোঁজের তিন দিন পর অটোরিকশা চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২০ আগu ২০২৬ ০৬:০৩ অপরাহ্ণ   |   ৪৬ বার পঠিত
মাদারগঞ্জে নিখোঁজের তিন দিন পর অটোরিকশা চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

মো. আলমগীর হোসাইন হৃদয়, জামালপুর প্রতিনিধি:


 

জামালপুরের মাদারগঞ্জে নিখোঁজের তিন দিন পর জহুরুল ইসলাম (৪০) নামে এক অটোরিকশা চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের পূর্ব চরপাকেরদহ গ্রামের মাথাভাঙা-তেঘরিয়া সড়কের পাশের একটি ফসলি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
 

নিহত জহুরুল ইসলাম গুনারীতলা ইউনিয়নের বাকুরচর এলাকার মৃত তছমেল মণ্ডলের ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন। মাদারগঞ্জ পৌরসভার জোনাইল মৃধাবাড়ি এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন তিনি।
 

পরিবার সূত্রে জানা যায়, গত ১৭ আগস্ট সোমবার অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন জহুরুল। ওই রাত আনুমানিক ২টার দিকে গুনারীতলা ইউনিয়নের আমলীতলা ব্রিজের উত্তর পাশে সড়কের ওপর তার অটোরিকশাটি পরিত্যক্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে অটোরিকশাটি পেলেও জহুরুলের কোনো সন্ধান পাননি।
 

পরে আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ১৮ আগস্ট জহুরুলের ছেলে বাদী হয়ে মাদারগঞ্জ মডেল থানায় নিখোঁজের অভিযোগ করেন।
 

এদিকে বৃহস্পতিবার দুপুরে মাথাভাঙা-তেঘরিয়া সড়কের পাশের একটি ফসলি জমিতে অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে স্বজনরা মরদেহটি জহুরুল ইসলামের বলে শনাক্ত করেন।
 

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, নিখোঁজের তিন দিন পর জহুরুল ইসলামের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি হত্যাকাণ্ড কি না, তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
 

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।