কক্সবাজারে পৃথক অভিযান চালিয়ে নকল ব্যান্ডরোলযুক্ত ৪ লাখ ৬১ হাজার শলাকা সিগারেট জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। জব্দ করা এসব সিগারেটের আনুমানিক বাজারমূল্য ২৭ লাখ ৬৬ হাজার টাকা।
বুধবার (২৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কক্সবাজার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলার চকরিয়া, কক্সবাজার সদর ও টেকনাফের হ্নীলা এলাকায় একযোগে নিবারক অভিযান পরিচালনা করা হয়। কমিশনারেটের তিনটি পৃথক দল এসব অভিযানে অংশ নেয়। অভিযানে মার্বেল ব্র্যান্ডের নকল ব্যান্ডরোলযুক্ত বিপুল পরিমাণ সিগারেট জব্দ করা হয়।
কাস্টমস কর্তৃপক্ষ জানায়, জব্দ করা সিগারেটের উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে হেরিটেজ টোব্যাকোর নাম পাওয়া গেছে।
রাজস্ব ফাঁকি শনাক্ত, ফাঁকিকৃত রাজস্ব আদায় এবং সরকারের রাজস্ব সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।