রাজধানীর গুলশান এলাকায় শামীম সালিম কাসিম (৬৭) নামে এক ভারতীয় নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ।
মঙ্গলবার সকাল ৯টা ৪২ মিনিটে তাকে ইউনাইটেড হাসপাতাল-এর জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের মেডিকেল সার্টিফিকেটে উল্লেখ করা হয়েছে, তাকে মৃত অবস্থাতেই হাসপাতালে আনা হয়েছিল।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মরদেহের মুখে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বিশেষ করে মুখে কালচে-বেগুনি দাগ, ফোলাভাব এবং চোখের চারপাশে রক্তজমাটের মতো দাগ দেখা গেছে।
এ ঘটনায় তাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বলে জানিয়েছে পুলিশ। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন অপেক্ষা করা হচ্ছে।
গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমান বলেন, “আমরা শুনেছি একজন বিদেশিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তবে কীভাবে মৃত্যু হয়েছে, তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।”