অনুমোদন ছাড়া স্লিপার বাস সড়কে চলবে না: হাইকোর্ট

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৯ সেপ্টেম্বর ২০২৬ ০৫:১০ অপরাহ্ণ   |   ৪৬ বার পঠিত
অনুমোদন ছাড়া স্লিপার বাস সড়কে চলবে না: হাইকোর্ট

ঢাকা প্রেস প্রতিবেদক

 

সারাদেশের মহাসড়কে অনুমোদন ছাড়া স্লিপার বাস চলাচলের সুযোগ নেই বলে জানিয়েছেন হাইকোর্ট। বাংলাদেশ স্লিপার এসি বাস ওনার্স অ্যাসোসিয়েশনের করা মহাসড়কে স্লিপার বাস চলাচলের অনুমতি চেয়ে আবেদন নাকচ করে দিয়েছেন আদালত।
 

বুধবার বিচারপতি কে এম হাফিজুল আলম ও বিচারপতি মুরাদ-এ-মাওলা সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
 

আদালত বলেছেন, ২০১৮ সালের সড়ক পরিবহন আইন ও ২০২২ সালের সড়ক পরিবহন বিধিমালা অনুযায়ী বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অনুমোদন পাওয়া এবং রুট পারমিট থাকা বাসই কেবল সড়কে চলাচল করতে পারবে। অনুমোদনহীন কোনো বাস চলাচল করলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বাধা নেই।
 

আদালতে বিআরটিএর পক্ষে শুনানি করেন আইনজীবী রাফিউল ইসলাম। তিনি বলেন, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৪০ ধারায় যানবাহনের কারিগরি বৈশিষ্ট্য নির্ধারণ করা হয়েছে। এসব বৈশিষ্ট্য লঙ্ঘন করলে তা আইনের ৮৪ ধারায় অপরাধ হিসেবে গণ্য হয়। এ অপরাধের সর্বোচ্চ শাস্তি তিন বছরের কারাদণ্ড ও তিন লাখ টাকা জরিমানা।
 

এ ছাড়া আইনের ২৮ ধারার কথা উল্লেখ করে তিনি বলেন, রুট পারমিট ছাড়া কোনো যানবাহন সড়কে চলাচল করতে পারে না।
 

শুনানি শেষে আইনজীবী রাফিউল ইসলাম সাংবাদিকদের জানান, হাইকোর্ট স্পষ্ট করেছেন—বিআরটিএ যেসব বাসকে চলাচলের অনুমোদন দিয়েছে, কেবল সেসব বাসই সড়কে চলতে পারবে। স্লিপার বাস পরিচালনার জন্য আলাদা কোনো অনুমোদন দেওয়া হয়নি এবং আদালতও এ ধরনের বাস চলাচলের অনুমতি দেননি। ফলে বিআরটিএর অনুমোদন ও বৈধ রুট পারমিট ছাড়া মহাসড়কে স্লিপার বাস চলাচলের সুযোগ নেই।
 

রিটকারী আইনজীবী মুহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান বলেন, তথ্য অধিকার আইনের আওতায় বিআরটিএর কাছে স্লিপার বাস চলাচলের অনুমোদন রয়েছে কি না জানতে চাওয়া হয়েছিল। জবাবে বিআরটিএ জানিয়েছে, স্লিপার বাস চলাচলের কোনো অনুমতি তারা দেয়নি।
 

যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে অননুমোদিত স্লিপার বাস চলাচল বন্ধের নির্দেশনা চেয়ে ২০২৫ সালের ২৩ জানুয়ারি হাইকোর্টে রিট করেন আইনজীবী মুহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান। ওই রিটের পর বাংলাদেশ স্লিপার এসি বাস ওনার্স অ্যাসোসিয়েশন একটি সম্পূরক আবেদন করে। এতে ভ্রাম্যমাণ আদালত বা অন্য কোনো কার্যক্রমের মাধ্যমে তাদের চলমান বাস ডাম্পিং, জব্দ কিংবা অন্য কোনো ব্যবস্থা নেওয়া থেকে বিরত রাখার নির্দেশনা চাওয়া হয়।
 

মালিক সমিতির আবেদনে বলা হয়, বর্তমানে ৮৯টি পরিবহন কোম্পানির অধীনে প্রায় এক হাজার স্লিপার এসি বাস পরিচালিত হচ্ছে। এ পরিবহন খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ২ লাখ ১৮ হাজার ৯৫০ মানুষের জীবিকা জড়িত।