সরকারের হাতে হারিকেন ধরিয়ে দেওয়া হবে

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০২ জুন ২০২৬ ১০:৫৭ পূর্বাহ্ণ   |   ৫২ বার পঠিত
সরকারের হাতে হারিকেন ধরিয়ে দেওয়া হবে

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে সংবাদ সম্মেলন ও হারিকেন মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তি। সোমবার সন্ধ্যায় বাংলামোটর থেকে শুরু হওয়া মিছিলটি শাহবাগের পরীবাগ পেট্রলপাম্প এলাকায় গিয়ে শেষ হয়।

 

মিছিল-পরবর্তী সমাবেশে জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সভাপতি তারিকুল ইসলাম বলেন, সরকার জনগণের কল্যাণে কাজ করলে তারা ইতিবাচক সমর্থন দেবে। তবে জনগণের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করা হলে জনগণকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

 

তিনি অভিযোগ করেন, সরকার পূর্বে জ্বালানি তেলের দাম আর না বাড়ানোর আশ্বাস দিলেও ঈদের ছুটির সময়ে হঠাৎ করে মূল্য বৃদ্ধি করেছে। তার দাবি, জ্বালানির দাম বাড়লে পরিবহন ব্যয়সহ সব ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যও বেড়ে যায়, যার সরাসরি প্রভাব পড়ে সাধারণ মানুষের জীবনে।

 

তারিকুল ইসলাম আরও বলেন, সরকারের বিভিন্ন সিদ্ধান্তে সাধারণ মানুষের চেয়ে উচ্চবিত্ত শ্রেণির স্বার্থ বেশি প্রাধান্য পাচ্ছে। জনস্বার্থকে গুরুত্ব দিলে এত দ্রুত আবারও জ্বালানির মূল্য বৃদ্ধি করা হতো না বলেও মন্তব্য করেন তিনি।

 

জ্বালানি খাত নিয়ে সমালোচনা করে যুবশক্তির সভাপতি বলেন, অতীতের সরকারের মতো বর্তমান প্রশাসনও এ খাতে অনিয়ম ও লুটপাটের সুযোগ সৃষ্টি করছে, যার খেসারত দিতে হচ্ছে সাধারণ জনগণকে।

 

প্রধানমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, জনগণের দুর্ভোগ নিরসনের পরিবর্তে সরকার নিজেদের ভাবমূর্তি প্রচারে বেশি মনোযোগী। এ কারণে জনসাধারণের বাস্তব সমস্যাগুলো যথাযথ গুরুত্ব পাচ্ছে না বলে তার অভিযোগ।

 

ইসলামী ব্যাংক ইস্যু উল্লেখ করে তারিকুল ইসলাম বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পরিবেশ তৈরি করা প্রয়োজন। কিন্তু সরকার ভিন্নমতের প্রতি সহনশীল আচরণ না করে বিরোধী মতের কণ্ঠ দমনের পথ বেছে নিচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

 

মিছিলে জাতীয় যুবশক্তির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।