নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা:
কুমিল্লার মুরাদনগরে ২৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ জামান মিয়া (৩৫) ও মো. অলি (২২) নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) রাতে উপজেলার শ্রীকাইল ইউনিয়নের সলপা ইসলামপুর এলাকার পাণ্ডব আলী শাহ মাজারের সামনে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত জামান মিয়া বাঙ্গরা বাজার থানার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের আমিননগর এলাকার মনু মিয়ার ছেলে এবং মো. অলি পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নের পূর্বহাটি এলাকার আব্দুর রশিদের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আলমের দিকনির্দেশনায় এসআই মোহাম্মদ রবিউল ইসলাম, এসআই ফয়সাল সরোয়ার ও এসআই বিনোধ দস্তগীরের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় তাদের তল্লাশি করে ২৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আলম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। শনিবার সকালে তাদের যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।