রাজধানীর শাপলা চত্বরে ২০১৩ সালে হেফাজতে ইসলামের সমাবেশে প্রাণহানির ঘটনায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
তিনি জানিয়েছেন, প্রাথমিক তদন্তে কেবল ঢাকাতেই ৩২ জন নিহত হওয়ার অকাট্য প্রমাণ পাওয়া গেছে। বর্তমানে এই ঘটনার তদন্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং আগামী ৭ জুনের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন আদালতে দাখিল করা হতে পারে।
রবিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চিফ প্রসিকিউটর জানান, শাপলা চত্বর ছাড়াও ওই সময় নারায়ণগঞ্জ, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে আরও অনেক মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
পুলিশের শীর্ষ কর্মকর্তা এবং তৎকালীন সরকারের উচ্চপর্যায়ের বেশ কিছু ব্যক্তির সংশ্লিষ্টতা তদন্তে উঠে এসেছে। অপরাধে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগ ও যুবলীগের সদস্যদেরও তদন্তের আওতায় আনা হচ্ছে। এই মামলায় এখন পর্যন্ত ৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ওই ঘটনার বিচার চেয়ে সম্প্রতি হেফাজতে ইসলামের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়।