দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর তীব্র বিমান হামলায় আরো ৩৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। হামলায় আহত হয়েছেন আরো অনেকে।
দক্ষিণ লেবানের সাকসাকিয়েহ শহরে চালানো এক হামলায় অন্তত সাতজন নিহত হন।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে একটি মেয়ে শিশু রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৫ জন, যাদের মধ্যে তিনটি শিশুও আছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা হিজবুল্লাহর সদস্যদের লক্ষ্য করে হামলা চালিয়েছে।
আইডিএফের দাবি, ওই এলাকায় সামরিক কাজে ব্যবহৃত একটি স্থাপনা লক্ষ্যবস্তু ছিল। বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি কমাতে নির্ভুল অস্ত্র ও আকাশপথে নজরদারি ব্যবহার করা হয়েছে বলেও দাবি করেছে তারা।
গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দিলেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে। ইসরায়েল দক্ষিণ লেবাননে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে। তাদের দাবি, এসব হামলার লক্ষ্য ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবকাঠামো ও সদস্যরা।
শনিবার লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় নতুন করে ইসরায়েলি হামলার খবর দিয়েছে।
এদিকে নাবাতিয়েহ এলাকায় মোটরসাইকেলে চালানো আরেক হামলায় একজন সিরীয় নাগরিক নিহত এবং তার ১২ বছর বয়সী মেয়ে আহত হন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের দাবি, প্রথম হামলার পর সরে যাওয়ার সময় আবারো ড্রোন হামলা চালানো হয়, যাতে বাবা নিহত হন। পরে তৃতীয় দফায় মেয়েটিকেও লক্ষ্য করে হামলা চালানো হয়। শিশুটির অস্ত্রোপচার করা হচ্ছে।
অন্যদিকে হিজবুল্লাহও উত্তর ইসরায়েলে ড্রোন হামলা চালিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, এ হামলায় তিনজন সেনা আহত হয়েছেন, যাদের একজনের অবস্থা গুরুতর।