দুদকের মামলায় সাবেক কাউন্সিলর মমিনুল হক সাঈদের ৭ বছরের কারাদণ্ড

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৯ অক্টোবর ২০২৬ ০৭:০১ অপরাহ্ণ   |   ৪৬ বার পঠিত
দুদকের মামলায় সাবেক কাউন্সিলর মমিনুল হক সাঈদের ৭ বছরের কারাদণ্ড

আদালত প্রতিবেদক

 

অবৈধ সম্পদ অর্জনের মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পলাতক আসামি একেএম মমিনুল হক সাঈদকে পৃথক দুই ধারায় মোট সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫ কোটি ৬০ লাখ ৩৩ হাজার ২২৪ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া তাঁর অবরুদ্ধ থাকা ২ কোটি ৯৩ লাখ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
 

বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক হামিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
 

দুদকের প্রসিকিউটর এস এম আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে মমিনুল হক সাঈদকে পাঁচ বছরের কারাদণ্ড এবং অপরাধমূলক অসদাচরণের দায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে দুই ধারার সাজা একসঙ্গে কার্যকর হবে। ফলে তাঁকে মোট পাঁচ বছর কারাভোগ করতে হবে।
 

আসামি পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানার পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছেন আদালত।
 

মামলার এজাহার সূত্রে জানা যায়, ৪ কোটি ৪৭ লাখ ৬৬ হাজার ২৬১ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০১৯ সালের ২০ নভেম্বর মমিনুল হক সাঈদের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
 

মামলায় অভিযোগ করা হয়, সাবেক এই কাউন্সিলর ক্ষমতার অপব্যবহার করে ক্যাসিনো ব্যবসাসহ বিভিন্ন অবৈধ ব্যবসা ও কর্মকাণ্ডের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন করেন।
 

মামলার তদন্ত শেষে ২০২২ সালের ১৭ এপ্রিল তদন্ত কর্মকর্তা আতাউর রহমান সরকার আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। বিচার চলাকালে আদালত ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।