💫 হজযাত্রীরা আল্লাহর বিশেষ মেহমান, সেবায় কোনো অবহেলা নয়
রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
হজ ফ্লাইট শুরু হওয়ার প্রাক্কালে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে আকস্মিক পরিদর্শন করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। বৃহস্পতিবার রাত প্রায় ৯টার দিকে তিনি হঠাৎ ক্যাম্পে উপস্থিত হয়ে হজযাত্রীদের সার্বিক প্রস্তুতি, সেবার মান এবং ব্যবস্থাপনা সরেজমিনে তদারকি করেন।
মন্ত্রী ক্যাম্পে অবস্থানরত হজযাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের যাত্রা প্রস্তুতি, আবাসন, খাবার, চিকিৎসাসেবা, নিরাপত্তা ও অন্যান্য প্রয়োজনীয় সুবিধা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। কোথাও কোনো ঘাটতি বা অসুবিধা রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে যাচাই করে দ্রুত সমাধানের নির্দেশ দেন তিনি।
পরিদর্শনকালে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন ধর্মমন্ত্রী। এ সময় তিনি স্পষ্ট ভাষায় জানান, হজযাত্রীদের সেবা শুধু প্রশাসনিক দায়িত্ব নয় এটি একটি পবিত্র আমানত এবং ইবাদতের অংশ।
মন্ত্রী বলেন, হজযাত্রীরা হচ্ছেন আল্লাহর বিশেষ মেহমান। তাদের সেবাকে নিছক দায়িত্ব হিসেবে নয়, খেদমত হিসেবে গ্রহণ করতে হবে। কোনোভাবেই যেন তারা কষ্ট না পান, তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।
তিনি আরও বলেন, সরকার চায় হজযাত্রীরা যেন নির্বিঘ্ন, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যের সঙ্গে তাদের পবিত্র সফর সম্পন্ন করতে পারেন। এজন্য সংশ্লিষ্ট সব বিভাগকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট মহলের মতে, ধর্মমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শন নিছক আনুষ্ঠানিকতা নয় বরং হজ ব্যবস্থাপনায় সরাসরি নজরদারি বৃদ্ধি, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং সেবার মানোন্নয়নে সরকারের কঠোর অবস্থানেরই প্রতিফলন।
এই সফরের মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দায়িত্ববোধ, সতর্কতা এবং মানবিক সেবার মানসিকতা আরও জোরদার হবে বলেও মনে করছেন তারা।
ক্যাম্পে অবস্থানরত হজযাত্রীরাও সরকারের এমন সক্রিয় তদারকিকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের আশা, শেষ মুহূর্তের সব প্রস্তুতি সুচারুভাবে সম্পন্ন হলে এবারের হজযাত্রা হবে আরও স্বস্তিদায়ক ও সুশৃঙ্খল।