‘আ’লীগ গোপনে নয়, প্রকাশ্যেই ঢাকা দখল করবে’—ফেসবুকে পোস্ট, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০২ নভেম্বর ২০২৬ ০৯:০৪ অপরাহ্ণ   |   ৪৫ বার পঠিত
‘আ’লীগ গোপনে নয়, প্রকাশ্যেই ঢাকা দখল করবে’—ফেসবুকে পোস্ট, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বরিশাল প্রতিনিধি | ঢাকা প্রেস
 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘আওয়ামী লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’—এমন মন্তব্য করে পোস্ট দেওয়ার অভিযোগে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আসাদ মোল্লা (৩০) বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া মডেল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
 

তিনি উপজেলার গুঠিয়া মডেল ইউনিয়নের তেরদ্রোন গ্রামের মৃত মোজাহার মোল্লার ছেলে।
 

সোমবার (২ নভেম্বর) সকালে উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩১ অক্টোবর আসাদ মোল্লা তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ‘আওয়ামী লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’—এমন একটি পোস্ট দেন। এ পোস্টকে কেন্দ্র করে রোববার রাতে উপজেলার গুঠিয়া বন্দর এলাকা থেকে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা তাঁকে আটক করেন। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
 

খবর পেয়ে উজিরপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে আসাদ মোল্লাকে নিজেদের হেফাজতে নেয় এবং থানায় নিয়ে আসে।
 

উজিরপুর থানার ওসি মো. রকিবুল ইসলাম বলেন, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা আসাদ মোল্লার বিরুদ্ধে আগের একটি মামলায় সন্দেহভাজন হিসেবে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।