দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লার দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল বারীকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) কুমিল্লার পুলিশ সুপার আসাদুজ্জামানের স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
স্থানীয় সূত্র জানায়, দাউদকান্দি মডেল থানার দুই উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে ১৬০ কেজি গাঁজা জব্দ করার পর তা বিক্রি করে দেওয়ার অভিযোগ ওঠে। সোমবার সন্ধ্যায় বিষয়টি স্থানীয়ভাবে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে ওসি মো. আবদুল বারীকে দাউদকান্দি মডেল থানা থেকে প্রত্যাহার করে কুমিল্লা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন ওসি আবদুল বারী। তিনি দাবি করেন, ব্যক্তিগত বিদ্বেষের জেরে একটি পত্রিকায় তার বিরুদ্ধে ভিত্তিহীন প্রতিবেদন প্রকাশ করা হয়েছে এবং সেই প্রতিবেদনের ভিত্তিতেই তার বিরুদ্ধে অন্যায়ভাবে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এ বিষয়ে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। তার দাবি, দাউদকান্দি মডেল থানায় এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। অভিযোগ প্রমাণিত হলে তিনি চাকরি ছেড়ে দিতেও প্রস্তুত, তবে মিথ্যা অপবাদ নিয়ে কর্মস্থল ছাড়তে রাজি নন।