বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম জীবনের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ‘আর্টিকেল ৩৭০’ সিনেমায় অভিনয়ের জন্য। ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে সেরা অভিনেত্রীর সম্মাননা গ্রহণ করেন তিনি। মর্যাদাপূর্ণ এই স্বীকৃতি পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অভিনেত্রী।
পুরস্কার গ্রহণের পর সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে ইয়ামি বলেন, বিশেষ এই মুহূর্তের অনুভূতি এখনো তিনি পুরোপুরি উপলব্ধি করে উঠতে পারেননি। তাঁর কাছে এটি দীর্ঘদিনের পরিশ্রমের অন্যতম বড় স্বীকৃতি।
ইয়ামি বলেন, ‘যে কোনো শিল্পী, যিনি সারাজীবন ধরে কঠোর পরিশ্রম করেন, তাঁর কাছে এটি অত্যন্ত গর্ব ও সম্মানের বিষয়। যাঁরা চোখে স্বপ্ন নিয়ে এই মায়ানগরীতে আসেন, তাঁদের সবার হয়েই আমি এ কথা বলছি—জীবন কখন কাকে কী দেবে, কেউ জানে না।’
জাতীয় চলচ্চিত্র পুরস্কার তাঁর আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে বলেও জানান ইয়ামি। তবে এই স্বীকৃতিকে তিনি পথচলার শেষ নয়, বরং সামনে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা হিসেবে দেখছেন।
অভিনেত্রীর ভাষায়, ‘এখনো অনেক কিছু শেখার এবং অনেক পথ পাড়ি দেওয়ার বাকি। আপনি শুধু কঠোর পরিশ্রম করে যান, ভালো কাজ করে যান, একদিন না একদিন এমন মুহূর্ত আসবেই। এই ঐতিহাসিক স্থানে দাঁড়িয়ে এত বড় সম্মান পেয়ে সত্যি খুব গর্ববোধ হচ্ছে।’
আদিত্য সুহাস জামভালে পরিচালিত ‘আর্টিকেল ৩৭০’ সিনেমাটি ভারতের সংবিধানের ৩৭০ অনুচ্ছেদের মাধ্যমে জম্মু ও কাশ্মীরকে দেওয়া বিশেষ মর্যাদা প্রত্যাহারের ঘটনাকে কেন্দ্র করে নির্মিত। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন আদিত্য ধর, মোনাল থাক্কর ও অর্জুন ধাওয়ান।
ইয়ামি গৌতম ও প্রিয়ামণি ছাড়াও সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন স্কন্দ ঠাকুর, অশ্বিনী কাউল, বৈভব তত্ত্ববাদী, অরুণ গোভিল ও কিরণ কর্মরকার।
২০২৪ সালের ২৩ ফেব্রুয়ারি মুক্তি পাওয়া সিনেমাটি প্রায় ২০ কোটি রুপি বাজেটে নির্মিত হয়। মুক্তির পর বক্স অফিসে সিনেমাটি ১১০ কোটি রুপির বেশি আয় করে।
৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ইয়ামি গৌতমের সেরা অভিনেত্রীর পুরস্কারের পাশাপাশি ‘আর্টিকেল ৩৭০’ পেয়েছে সেরা ফিচার ফিল্মের সম্মান। সিনেমাটির সংগীতের জন্য সেরা সংগীত পরিচালকের পুরস্কার পেয়েছেন শাশ্বত সচদেব।