শুভেন্দু অধিকারী ও মানিক সাহাকে বাংলাদেশের আম উপহার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০১ জুলাই ২০২৬ ০২:১০ অপরাহ্ণ   |   ৪৭ বার পঠিত
শুভেন্দু অধিকারী ও মানিক সাহাকে বাংলাদেশের আম উপহার

অনলাইন ডেস্ক

 

সৌহার্দ্য ও শুভেচ্ছার নিদর্শন হিসেবে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার কাছে মৌসুমি আম উপহার পাঠিয়েছে বাংলাদেশ সরকার। দুই মুখ্যমন্ত্রীসহ পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার বিশিষ্ট ব্যক্তি এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য মোট ১ হাজার ১০০ কেজি আম পাঠানো হয়েছে।
 

মঙ্গলবার বিকেলে যশোরের বেনাপোল স্থলবন্দর এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমের চালান ভারতের কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপদূতাবাস এবং আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়।

 


 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে পাঠানো এ উপহারে দেশীয় জনপ্রিয় দুই জাতের আম—আম্রপালি ও হাঁড়িভাঙ্গা—অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে কলকাতার বাংলাদেশ উপদূতাবাসে ১০০টি কার্টনে মোট ৫০০ কেজি এবং আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনে ১২০টি কার্টনে মোট ৬০০ কেজি আম পাঠানো হয়েছে। প্রতিটি কার্টনে ছিল পাঁচ কেজি করে আম।
 

দুই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও মানিক সাহার জন্য পৃথকভাবে ১০০ কেজি করে আম বরাদ্দ রাখা হয়েছে। অবশিষ্ট আম পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার বিভিন্ন স্বনামধন্য ব্যক্তি এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে শুভেচ্ছা উপহার হিসেবে বিতরণ করা হবে।