চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের রাইসার বিল মৎস্য অবতরণ কেন্দ্রের প্রধান ফটকের পাশ থেকে ‘জয় বাংলা’ লেখা একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে বস্তুটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে কয়েকজন ব্যক্তি মৎস্য অবতরণ কেন্দ্রের প্রবেশপথের পাশে একটি সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি মৎস্য কমিটির সদস্যদের জানান। খবর পেয়ে দর্শনা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের ভাষ্য, জনবহুল মৎস্য অবতরণ কেন্দ্রের প্রবেশমুখে এ ধরনের বস্তু পড়ে থাকতে দেখে তারা উদ্বিগ্ন হয়ে পড়েন এবং নিরাপত্তার স্বার্থে দ্রুত পুলিশকে অবহিত করেন।
কুড়ুলগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদসহ স্থানীয় কয়েকজন নেতা দাবি করেন, উদ্ধার হওয়া বস্তুটিতে ‘জয় বাংলা’ লেখা থাকায় এটি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সমর্থকদের কোনো নাশকতামূলক পরিকল্পনার অংশ হতে পারে বলে তাদের ধারণা।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল থেকে বোমাসদৃশ একটি বস্তু উদ্ধার করেছে। সেটি থানায় নিয়ে পরীক্ষা-নিরীক্ষা ও তদন্তের আওতায় আনা হয়েছে।
তিনি আরও বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বস্তুটির প্রকৃত ধরন এবং এর সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। তদন্তের ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ শুরু করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।